২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল খারিজ

দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির করা আপিল খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2022, 04:58 PM

Updated : 14 Jul 2022, 05:54 PM

আপিল প্রক্রিয়া সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, বুধবার আপিলটি করার সঙ্গে সঙ্গেই আদালত তা খারিজ করেছে। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।

১১ টি দুর্নীতি মামলার মধ্যে প্রথম মামলার রায়ে গত সপ্তাহে সু চি দোষী সাব্যস্ত হন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থনে ক্ষমতাচ্যুত হয় সু চির বেসামরিক সরকার। সু চিকে গৃহবন্দি করা হয়।

সু চির বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে দেশদ্রোহ পর্যন্ত নানা অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা সরকার। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সব মিলিয়ে তার ১৯০ বছরের সাজা হতে পারে।

দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে সু চির আপিল সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় তার রাজনীতিতে ফিরে আসার সুযোগ আরও কমল।