কোভিড: বিধিনিষেধ কঠোর করল সাংহাই
চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ের দুই অংশে দুই ভাগে দেওয়া কোভিড-১৯ লকডাউনের প্রথম পর্যায়ের দ্বিতীয় দিনেই বিধিনিষেধ আরও কঠোর করেছে কর্তৃপক্ষ।
দৈনিক শনাক্ত ৪ হাজার ৪০০ অতিক্রম করার পর তারা অনেক বাসিন্দাকে শনাক্তকরণ পরীক্ষা না হওয়া পর্যন্ত চার দেওয়ালের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাইয়ে দুই কোটি ৬০ লাখ মানুষের বাস; করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্তৃপক্ষ শহরটিকে দুটি ভাগে ভাগ করে সোমবার থেকে ১ এপ্রিল পর্যন্ত এক অংশে এবং ১-৫ এপ্রিল অন্য অংশে লকডাউন দিয়েছে। এ সময়ে কর্তৃপক্ষ কোভিড শনাক্তে ব্যাপক পরীক্ষা চালাবে।
বিশ্বের অনেক দেশে এখনও প্রতিদিন যত কোভিড রোগী শনাক্ত হচ্ছে, তার তুলনায় সাংহাইয়ের দৈনিক শনাক্ত কম হলেও অতি সংক্রামক ওমিক্রণ ধরন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় শহরটি এখন সরকারের নেওয়া ‘শূন্য কোভিড’ কৌশল বাস্তবায়নের পরীক্ষাগার হয়ে উঠেছে।
সোমবারও সাংহাইয়ে রেকর্ড ৪ হাজার ৩৮১ উপসর্গবিহীন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এর বাইরে উপসর্গ পাওয়া গেছে আরও ৯৬ জনের দেহে।
হুয়াংপু নদীর পূর্বদিকের বাসিন্দারা সোমবারও তাদের হাউজিং কম্পাউন্ডের মধ্যে আবদ্ধ ছিলেন; তবে এক ঘরের বাসিন্দারা অন্য ঘরের বাসিন্দাদের সঙ্গে মেলামেশা করতে পারছিলেন।
মঙ্গলবার শহরের তিন বাসিন্দা রয়টার্সকে জানান, এলাকাভিত্তিক কমিটিগুলো তাদেরকে ঘরের বাইরে বের হতেই নিষেধ করেছে।
“অথচ গতকালও বাচ্চারা পিকনিক করেছে, মজা করেছে,” বলেছেন ওই তিনজনের একজন; যিনি নিজের নাম প্রকাশ করতে রাজি হননি।
এক ব্রিফিংয়ে পৌর স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা উ কানিউ বলেছেন, ‘নিউক্লিয়িক এসিড শনাক্তকরণ পরীক্ষার মূল পর্যায়ে’ বাসিন্দাদেরকে তাদের অ্যাপার্টমেন্টের বাইরে বের না হতে ‘স্পষ্ট অনুরোধ’ করা হয়েছে, এসময় তারা এমনকি গৃহপালিত পশুকে বাইরে হাঁটতে নিয়ে যাওয়া বা ময়লা ফেলার জন্যও বাইরে বের হতে পারবেন না।
সোমবার সাংহাইয়ের লকডাউনে থাকা এলাকাগুলোতে ১৭ হাজার পরীক্ষাকর্মী ৮২ লাখ ৬০ হাজার শনাক্তকরণ পরীক্ষা চালিয়েছে।
“মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যুদ্ধে বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী, তৃণমূলের ক্যাডার, বিভিন্ন এলাকার কর্মী ও স্বেচ্ছাসেবকরা ব্যাপক পরিশ্রম করছে, তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত,” বলেছেন উ।
রয়টার্স লিখেছে, লকডাউনের কারণে চীনা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যবহারকারীদের মধ্যে হতাশার লক্ষণ বাড়তে দেখা যাচ্ছে। উইবুতে অনেক ব্যবহারকারী তাদের আত্মীয়স্বজনের জন্য সহযোগিতা চেয়েছেন; অনেকে চিকিৎসা সেবা পেতেও হিমশিম খাচ্ছেন।
চীন প্রাদুর্ভাব নির্মূলের পরিকল্পনায় অটল থাকলেও, অন্যান্য দেশের অনেক বিশেষজ্ঞই করোনাভাইরাসের অতি সংক্রামক নতুন ধরন মোকাবেলায় লকডাউনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন।
“অস্ট্রেলিয়া ও বিশ্বের অন্যত্র যে অভিজ্ঞতা, তাতে এটা স্পষ্ট যে, লকডাউন ওমিক্রনের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়; সুতরা্ং (চীনে সংক্রমণের) বড় ঢেউ আসছে বলেই মনে হচ্ছে,” বলেছেন ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার জৈবপরিসংখ্যান বিশেষজ্ঞ আদ্রিয়ান এস্টারম্যান।
