২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ বাহিনী জ্বালানি ডিপোগুলোতে হামলা চালাচ্ছে: ইউক্রেইন

ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনজুড়ে জ্বালানি সংরক্ষণগারগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2022, 01:33 PM

Updated : 28 Apr 2022, 11:58 PM

‘রসদ সরবরাহ জটিল’ করে তুলতে এবং ‘মানবিক সংকটের পরিস্থিতি সৃষ্টি করতে’ তারা এমনটি করছে এবং এ উদ্দেশ্যে ‘আবাসিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেইনীয় বাহিনীর জেনারেল স্টাফ।  

বিবিসি জানিয়েছে, সম্প্রতি ইউক্রেইনের রাজধানী কিইভসহ লভিভ, রিভনে, জেতোমর ও লুটস্কের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরে জ্বালানি ডিপোগুলোতে হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেইনের সামরিক বাহিনী আরও অভিযোগ করে বলেছে, রাশিয়ার বিভিন্ন ইউনিটগুলো মালামাল লুট, অপহরণ ও বেসামরিকদের জিম্মি করার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়াচ্ছে। রাজধানী কিইভ, দক্ষিণপূর্বাঞ্চলের জাপোরিজজিয়া, দক্ষিণাঞ্চলের খেরসন এবং পূর্বাঞ্চলের খারকিভে এমনটি করা হচ্ছে বলে দাবি করেছে তারা।

বিবিসি তাৎক্ষণিকভাবে এসব অভিয়োগ যাচাই করে দেখতে পারেনি বলে জানিয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কিছু ইউক্রেইনীয়কে নির্বিচারে আটক করা হচ্ছে এবং গুমের শিকার হচ্ছে, চলতি সপ্তাহের প্রথমদিকে এমন একটি প্রতিবেদন করেছিল তারা। 

এদিকে সোমবার খারকিভ অঞ্চলের লুবোতিন শহরে রাশিয়ার বাহিনীগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনীয় কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এসব হামলা বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। 

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে খারকিভের আঞ্চলিক আইন কর্মকর্তার দপ্তর জানিয়েছে, ওই হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে আর এ হামলায় আরও সাত জন আহত হয়েছে।