ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন, এরপরই মুলতবি হল অধিবেশন
পাকিস্তানের পার্লামেন্টে অবশেষে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ প্রস্তাব পেশ করেন।
সোমবার পার্লামেন্টে এই অনাস্থা প্রস্তাব উত্থাপনের পরই ৩১ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার কাশেম খান সুরি।
এক ঘোষণায় তিনি বলেন, “এই প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে ৩১ মার্চ। পার্লামেন্ট অধিবেশন ওইদিন বিকাল ৪ টা পর্যন্ত মুলতবি করা হল।”
অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়া সোমবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও ৩১ মার্চেই এ প্রস্তাবের ভাগ্য নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।
এর আগে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অনাস্থা প্রস্তাব উত্থাপন হওয়ার পর আগামী ৪ এপ্রিলে এর ওপর ভোটাভুটি হতে পারে।
কারণ নিয়ম অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের তিন দিনের আগে তা নিয়ে ভোটাভুটি করা যায় না। আবার সাত দিনের বেশি সময়ও নেওয়া যায় না। তবে সরকার ভোট প্রক্রিয়ায় আরও দেরি করতে পারে বলে আভাস দিয়েছেন মন্ত্রী রশিদ।
‘দ্য ডন’ পত্রিকা জানায়, সোমবার ডেপুটি স্পিকার অধিবেশন শুরু করার পর বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ প্রস্তাব উত্থাপন করার অনুমতি চান।
এরপর প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য ভোট হয়। বিধি অনুযায়ী, পার্লামেন্টে উপস্থিত এমপিদের ২০ শতাংশের সমর্থন পেলেই প্রস্তাবটি আলোচনা বা ভোটাভুটির জন্য গৃহীত হয়।
এ নিয়মে ভোট হওয়ার পর স্পিকার জানান, ১৬১ জন আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। ফলে এটি উপস্থাপন করার অনুমতি দেওয়া হচ্ছে। শাহবাজ শরীফ তখন দাঁড়িয়ে অনাস্থা প্রস্তাবটি পার্লামেন্টকে পড়ে শোনান। এরপরই অধিবেশন মুলতবির ঘোষণা দেন ডেপুটি স্পিকার।
২০১৮ সালে ক্ষমতায় আসার পর বিরোধীদের এই অনাস্থা প্রস্তাব ইমরান খানের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। এ মাসে বিরোধীদলগুলোর একটি জোট ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।
তারা বলছে, দল থেকে এক ডজনের বেশি সদস্য বের হয়ে যাওয়ার কারণে ইমরান পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। এতে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলার ঝুঁকিও বেড়ে গেছে।
পাকিস্তানে কোনও প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। আর ইমরানের দল ছেড়ে ভিন্নমতাবলম্বী আইনপ্রণেতারা চলে যাওয়ায় তার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় নূন্যতম ১৭২ আসনেরও প্রায় এক ডজন আসন কম হয়ে গেছে।
বিরোধীদলগুলো ইমরান খানের বিরুদ্ধে অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে অব্যবস্থাপনার অভিযোগ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইমরান।
পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব ওঠার আগের দিন রাজধানীতে বিশাল সমাবেশ করে নিজের শক্তি দেখিয়ে প্রধানমন্ত্রী ইমরান খা্ন বলেছেন, তার সরকারে পতন ঘটাতে বিদেশ থেকে অর্থ ঢালা হচ্ছে।
বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে বলে ইমরান ভাষণে দাবি করেন। ষড়যন্ত্রের কথা তুলে তিনি বলেন, পাকিস্তানের পররাষ্ট্র নীতিতে বৈদেশিক প্রভাবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণেই তার সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে।
