২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিতে পুরুষদের দাড়ি রাখা বাধ্যতামূলক করল তালেবান

দাড়ি না রাখলে এবং মাথায় টুপি না পরলে চলে যেতে পারে চাকরি। আফগানিস্তানে সরকারি দপ্তরে পুরুষ কর্মীদের উপর এই বাধ্যবাধকতা চাপিয়ে দিয়েছে তালেবান প্রশাসন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Mar 2022, 06:53 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

তিন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নিরাপত্তার খাতিরে তারা তাদের নাম প্রকাশ করতে চাইছেন না।

এই সূত্ররা জানান, আফগানিস্তানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে পাহারা দিয়েছে এবং নজর রেখেছে কর্মীরা নতুন নিয়ম ঠিকঠাক মত অনুসরণ করছে কিনা।

নতুন নিয়মে কর্মীদের দাড়ি না কামাতে, ঢিলেঢালা আফগানি লম্বা কোর্তা ও পাজামা পরতে এবং মাথায় ‍টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে।

দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও জারি হয়েছে।

যদি নির্দিষ্ট পোশাক না পরে তবে কর্মীরা কার্যালয়ে ঢুকতে পারবে না, এমনকী তাদের চাকরিচ্যুত করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা।

এর আগে শনিবার একই মন্ত্রণালয় থেকে নারীদের পুরুষ সঙ্গী ছাড়া সব ধরনের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। মেয়েদের স্কুলও বন্ধ করে দেওয়া হয়েছে।

এমনকী দেশটিতে এখন নারী-পুরুষ একসঙ্গে পার্কে যেতে পারবে না। রোববার থেকে লিঙ্গ ভিত্তিতে আলাদা আলাদা সময়ে পার্কে যাওয়ার নিয়ম করা হয়েছে। নারীরা সপ্তাহে তিন দিন এবং পুরুষরা সপ্তাহে চারদিন পার্কে যেতে পারবে। দম্পতি বা একই পরিবারের সদস্য হলেও এই নিয়ম পালন করতে হবে।

অথচ গত বছর পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তালেবান বলেছিল, যুগের সঙ্গে তাল মেলাতে আগের বারের তুলনায় তারা তাদের শাসন ব্যবস্থায় এবার কিছু পরিবর্তন আনবে।

কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি পালনের ‍কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বরং সেই ১৯৯৬ সাল পুনরায় ফিরে আসছে। তালেবান প্রথম মেয়াদে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করে।

আন্তর্জাতিক সম্প্রদায় এখনও তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি, বরং দেশেটির উপর নতুন করে নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার ফলে দেশটি সাধারণ জনগণ আবারও চরম মানবিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।