২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় শাসন পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই : যুক্তরাষ্ট্র

রাশিয়া বা অন্য কোনও দেশের সরকার পরিবর্তনের কোনও পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 08:29 PM

Updated : 28 Apr 2022, 11:57 PM

“রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত হবে না” বলে সদ্যই পোল্যান্ডে এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করার পর ব্লিনকেন একথা বললেন।

বাইডেনের বক্তব্য নিয়ে হইচই শুরু হলে এর ব্যাখ্যা দিতে মঞ্চে উপস্থিত হন ব্লিনকেন। রোববার ইসরায়েল সফরের সময় তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন সহজ ভাষায় বলতে চেয়েছেন, পুতিনকে ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে দেওয়া যেতে পারে না।

“আমার মনে হয় প্রেসিডেন্ট গত রাতে যে কথা বলেছেন, সেটা খুবই সাধারণ, ইউক্রেইন বা অন্য কোনও দেশে যুদ্ধ বা আগ্রাসন চালানোর ক্ষমতা প্রেসিডেন্ট পুতিন পেতে পারেন না।”

“যেমনটা আপনারা জানেন, এবং যেমনটা আপনারা আমাদের বার বার বলতে শুনেছেন, এ কারণে আমাদের রাশিয়া বা অন্য কোথাও ক্ষমতার পালা পরিবর্তন করার কোনও ধরনের কৌশল নেই। এক্ষেত্রে বা যে কেনও ক্ষেত্রে এই প্রশ্ন একমাত্র দেশটির জনগণ তুলতে পারে, সেটি রাশিয়ার জনগণের উপর নির্ভর করছে,”বলেন ব্লিনকেন।

পুতিনকে নিয়ে বাইডেনের বক্তব্যের পরই ক্রেমলিন থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছিল । বলা হয়েছিল, কাকে নেতা হিসাবে বেছে নেওয়া হবে সেটি সম্পূর্ণভাবে রাশিয়ার জনগণের উপর নির্ভর করছে।

বাইডেনের ওই মন্তব্যের পর শুধু ক্রেমলিন থেকেই নয় বরং যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও তার সমালোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক রিচার্ড হাস কড়া ভাষায় এক টুইটে লেখেন, ‘‘এ ধরনের মন্তব্য জটিল পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল এবং বিপজ্জনক পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে।” রিচার্ড ইউএস কাউন্সিল অন ফরেইন রিলেশন্স এর প্রেসিডেন্ট।

তিনি আরও বলেন, ‘‘ওটা সুস্পষ্ট। কীভাবে বিপদ কমিয়ে আনা যায় সেটা বরং অস্পষ্ট। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, তার প্রধান সহযোগীদের উচিত রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করে এটি পরিষ্কার করা যে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বর্তমান সরকারের সঙ্গেই চুক্তি করতে প্রস্তুত আছে।”