জ্বালানির উৎপাদন বাড়ানোর আহ্বান জেলেনস্কির
তেল ও গ্যাস রাপ্তানিকারক দেশগুলোকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যেন রাশিয়া নিজেদের তেল ও গ্যাস সম্পদ দিয়ে অন্যান্য দেশকে ‘ব্ল্যাকমেইল’ করতে না পারে।
ভিডিও কলের মাধ্যমে দোহা ফোরাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে শনিবার এক ভাষণে জেলনস্কি এ আহ্বান জানান বলে জানায় বার্ত সংস্থা রয়টার্স।
তিনি বলেন, ইউরোপের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে কাতারের মত দেশ অবদান রাখত সক্ষম।
‘‘ন্যায়বিচার পুনরুদ্ধারে তারা আরো বেশি কিছু করতে পারেন। আপনাদের অবদানের উপর ইউরোপের ভবিষ্যত নির্ভর করছে। আমি আপনাদের জ্বালানি উৎপাদন বাড়ানোর আহ্বান জানাচ্ছি এটা নিশ্চিত করতে যে, রাশিয়ার প্রত্যেকে যেন বুঝতে পারে কোনো দেশ তাদের জ্বালানিকে অস্ত্র হিসেবে বিশ্বকে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করতে না পারে।”
ইউরোপে সবচেয়ে বড় জ্বালানি রপ্তানিকারক দেশ ছিল রাশিয়া। রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর ইউরোপ অনেকাংশে নির্ভরশীল। কিন্তু গত মাসে ইউক্রেইনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউসহ পশ্চিমারা রাশিয়ার জ্বালানির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
রাশিয়া বিশ্বের শীর্ষ গ্যাস এবং দ্বিতীয় শীর্ষ তেল রপ্তানিকারক দেশ। দেশটির জ্বালানি খাতে নিষেধাজ্ঞার প্রভাব তাই বিশ্বজুড়েই পড়েছে।
বিশ্ববাজারে তেলের দাম গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে জ্বালানি ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
শুধু জ্বালানি নয়, ইউক্রেইন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে খাদ্য সংকটও দেখা দিয়েছে।
জেলনস্কি বলেন, তার দেশে রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের যোগানে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সে ধাক্কা সামলে ওঠার নিশ্চয়তা কোনো দেশই দিতে পারছে না।
বিশ্বের বৃহৎ দানাদার শস্য উৎপাদনকারী দেশগুলোর একটি ইউক্রেইন।
তিনি বলেন, ‘‘বিশ্বের খাদ্যবাজার এখনো মহামারীর প্রভাব, খাবারের বাড়তি দামের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। কেউই এই ধাক্কার বিরুদ্ধে কোনো নিশ্চয়তা দিতে পারছে না এবং যখন খাদ্য উৎপাদনই কম হচ্ছে তখন আপনি নিশ্চিয়তা দিতে পারবেনও না।
‘‘রাশিয়ার সেনারা ইউক্রেইনের মাইলের পর মাইল ফসলি জমি দখল করে আছে। তারা কৃষি সরঞ্জাম গুঁড়িয়ে দিচ্ছে।”
