২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দানবীয়’ নতুন আইসিবিএম পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে বলে ঘোষণা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2022, 10:08 AM

Updated : 25 Jul 2022, 04:41 PM

দেশটির নেতা কিম জং উন বলেছেন, এই পরীক্ষা তাদের পারমাণবিক শক্তির ক্ষমতা প্রদর্শনের জন্য করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে।

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া ২০১৭ সালের পর থেকে এবারই প্রথমবারের মতো আইসিবিএমের পূর্ণাঙ্গ পরীক্ষা চালালো। আইসিবিএম দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র, এগুলো উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম। এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা আছে এবং এর আগে একই কাজ করার জন্য দেশটি ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

বৃহস্পতিবারের পরীক্ষার উড্ডয়ন তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, দেশটির আগের পরীক্ষাগুলোর চেয়ে এবারের ক্ষেপণাস্ত্রটি অনেক উপর দিয়ে উড়ে আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাপানের পশ্চিমদিকের সাগরে পড়েছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, হাসং-১৭ নামের এই আইসিবিএমটি কোনো দেশের রোড-মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা সবচেয়ে বড় তরল জ্বালানী চালিত ক্ষেপণাস্ত্র।

উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর প্রকাশ করা ছবিতে সামনের অংশটিতে সাদাকালো রঙ করা দানবীয় একটি ক্ষেপণাস্ত্র ধোঁয়ার স্তম্ভ ছেড়ে একটি উৎক্ষেপণ যান থেকে উঠে যাচ্ছে, এমনটি দেখা গেছে। 

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হাসং-১৭ সর্বোচ্চ ৬২৪৮.৫ কিলোমিটার ‍উচ্চতা দিয়ে উড়ে ১০৯০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে একটি লক্ষ্যস্থলে নির্ভুলভাবে আঘাত হেনেছে।

ক্ষেপণাস্ত্রটির বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপান যেসব তথ্য দিয়েছে সেগুলোর সঙ্গে কেসিএনএর দেওয়া তথ্যের মিল আছে বলে জানিয়েছে রয়টার্স।

কেসিএনএ এই উৎক্ষেপণকে ‘বিরাট সামরিক সক্ষমতার লক্ষ্যণীয় সফল প্রদর্শনী’ বলে বর্ণনা করেছে। আর কিম এ পরীক্ষাকে কোরীয় জনগণের ‘বিস্ময়কর’ ও ‘অমূল্য’ বিজয় বলে অভিহিত করেছেন।  

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, “কোরীয় উপদ্বীপের ভেতরে ও আশপাশে প্রতিদিন বাড়তে থাকা সামরিক উত্তেজনা এবং পারমাণবিক যুদ্ধের ঝুঁকির সঙ্গে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের অনিবার্যতার কারণে কিম এ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।”

কিম নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণের তদারিক করেছেন বলে কেসিএনএ জানিয়েছে।

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা ফের শুরু করায় ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ব্যস্ত থাকা প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়লেন। আর দক্ষিণ কোরিয়ায় নতুন রক্ষণশীল প্রশাসন ক্ষমতায় আসায় উত্তর কোরিয়ার এ পরীক্ষা নতুন সংকট তৈরির সম্ভাবনা সৃষ্টি করেছে, কারণ সিউলের নতুন প্রশাসন পিয়ংইয়ংকে প্রতিরোধের জন্য সামরিক কৌশলের ওপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।    

শুক্রবার দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সক-ইয়ল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। ‘উস্কানি দেওয়ার মাধ্যমে’ উত্তর কোরিয়া কিছুই অর্জন করতে পারবে না বলে শিকে বলেছেন তিনি। চীন উত্তর কোরিয়ার একমাত্র প্রধান মিত্র ও প্রতিবেশী। 

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই এর নিন্দা জানায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

২০১৭ সালে সর্বশেষ আইসিবিএম পরীক্ষার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) । কিন্তু এবার দেশটির বিরুদ্ধে সে ধরনের কোনো নিষেধাজ্ঞা দেওয়া অনেক বেশি কঠিন হবে বলে জানিয়েছে রয়টার্স।   

নিরাপত্তা পরিষদে থাকা বিশ্ব শক্তিগুলো ইউক্রেইনের যুদ্ধ নিয়ে এখন পরস্পরবিরোধী অবস্থানে আছে। এ কারণে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রক্রিয়াটি এখন অনেক জটিল হয়ে গেছে।

শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল ৩টায় উত্তর কোরিয়ার উৎক্ষেপণ নিয়ে বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, পিয়ংইয়ংকে এ ধরনের আর কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।