২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশ্বিক সংহতি চায় ইউক্রেইন, সহযোগিতার মাত্রা বাড়াতে আলোচনায় পশ্চিমা নেতারা

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে রাস্তায় নেমে আসতে এবং ইউরোপে জড়ো হওয়া নেতাদের বৈঠক থেকে যেন মস্কোর বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হয় তার জন্য চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 05:51 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

ইউক্রেইনে রুশ বাহিনীর ‘বিশেষ অভিযান’ এক মাসে গড়ানোর দিন বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেইনে শুরু হওয়া রুশ বাহিনীর ওই হামলার প্রতিক্রিয়া নিয়ে সামরিক জোট নেটো, শিল্পোন্নত ৭টি দেশের জোট জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে ব্রাসেলসে পৌছেছেন।

এক মাস ধরে চলা এই হামলা এরই মধ্যে ইউক্রেইনের ৩৬ লাখ মানুষকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। 

“অফিস, বাড়ি, স্কুল, বিশবিদ্যালয় থেকে বেরিয়ে আসুন, শান্তির নামে বেরিয়ে আসুন, ইউক্রেইনকে সহযোগিতায় বেরিয়ে আসুন ইউক্রেইানের প্রতীকগুলো নিয়ে, বেরিয়ে আসুন স্বাধীনতা, জীবনকে সমর্থন জানাতে,” এক ভিডিও বার্তায় বলেন জেলেনস্কি।

রয়টার্স লিখেছে, লড়াইয়ের চার সপ্তাহ পেরিয়ে গেলেও রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেইনের কোনো বড় শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি; স্থলভাগে তাদের অগ্রগতিও অনেকখানিই থমকে গেছে বলে মনে হচ্ছে।

তবে তাদের টানা গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ অনেক শহরেরই ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে এনেছে; ইউক্রেইনের মোট জনসংখ্যার এক চতুর্থাংশকে বাড়িঘর থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

এসবের প্রতিক্রিয়ায় সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা উচিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন তো পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ অ্যাখ্যাও দিয়েছেন।

রুশ বাহিনীর সদস্যরা ইউক্রেইনে যুদ্ধাপরাধ করেছে কিনা, ওয়াশিংটন তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও।

রুশ হামলায় ইউক্রেইনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণপূর্বের বন্দরনগরী মারিউপোলের। টানা গোলাবর্ষণের মধ্যে সেখানকার লাখো মানুষকে আশ্রয়কেন্দ্রে দিন কাটাতে হচ্ছে; তাদের খাবার, পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতিও প্রকট।

বাণিজ্যির প্রতিষ্ঠান মাক্সারের দেওয়া উপগ্রহের ছবিতে একসময় ৪ লাখ অধিবাসী অধ্যুষিত শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে।

এদিকে ইতালির পত্রিকা লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, অবরুদ্ধ শহরগুলোতে আটকা ইউক্রেইনীয়রা এখনও মনোবল হারায়নি।

“দখল হওয়া শহরগুলোতে তারা থারাবাহিক বিক্ষোভ করে যাচ্ছে; গুলির মুখে দাঁড়িয়ে তারা রাশিয়ার পতাকা ছিড়ছে, দখলদারদের বিরোধিতা করছে,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাশিয়ার আরও রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধনীদের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান।

এদিকে বাইডেনের সঙ্গে বৈঠকের আগেই নেটোর মহাসচিব জেন্স স্টল্টেনবার্গ বলেছেন, তাদের সামরিক জোট পূর্ব ইউরোপে শক্তি বাড়ানোর লক্ষ্যে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় নতুন চারটি সেনাদল পাঠানো হচ্ছে।

জেলেনস্কি বলেছেন, তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে ‘গুরুতর পদক্ষেপ’ দেখতে চান। তিনি ইউক্রেইনজুড়ে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বানও পুনর্ব্যক্ত করেন। পশ্চিমা দেশগুলো ইউক্রেইনকে চাহিদা অনুযায়ী বিমান, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা, ট্যাংক ও জাহাজবিধ্বংসী অস্ত্র দিচ্ছে না বলেও তিনি অনুযোগ করেন।

“এই তিন সম্মেলনে আমরা দেখবো কারা আমাদের বন্ধু, কারা অংশীদার আর কারা আমাদের বেচছে, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে,” বৃহস্পতিবার দেওয়া ভিডিও বার্তায় বলেছেন তিনি।