ইউক্রেইন যুদ্ধ: পূর্ব ইউরোপে শক্তি বাড়াবে নেটো
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় নেটো পূর্ব ইউরোপে বড় ধরনের সামরিক উপস্থিতির অনুমোদন দেবে বলে জানিয়েছেন জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।
ইউক্রেইন যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠেয় জরুরি বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ একথা বলেন। হাঙ্গেরি, স্লোভাকিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়ায় আরও সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দেন তিনি।
পূর্ব ইউরোপের এই দেশগুলোতে চারটি নতুন নেটো সামরিক ইউনিট মোতায়েনের বিষয়ে বৈঠকে নেটো নেতারা মতৈক্যে পৌঁছবেন বলে জানান স্টলটেনবার্গ।
এছাড়াও, ইউক্রেইনকে আরও সমর্থন-সহযোগিতা দেওয়া নিয়েও নেটো নেতারা সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে ইউক্রেইনকে রাশিয়ার রাসায়নিক, জীবাণু এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে ভালভাবে সুরক্ষিত রাখার ব্যবস্থা করার বিষয়টিও থাকছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবারের জরুরি বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে রওনা হয়েছেন। সেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গেও অন্যান্য বৈঠক করবেন তিনি।
নেটো মহাসচিব স্টলটেনবার্গ বলেন, “আমি আশা করি নেটো নেতারা সব দিক থেকেই জোটের অবস্থান শক্তিশালী করতে রাজি হবেন। এর মধ্যে জোটের পূর্ব অংশে স্থলভাগ, আকাশ এবং সাগরে বড় ধরনের সামরিক উপস্থিতি রাখা হবে।”
নেটোর পূর্ব সীমান্তে বাল্টিক থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে নেটোর প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন আছে।
নেটো মহাসচিব বুধবার ইউক্রেইন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের অস্ত্রের কোনওরকম ব্যবহার হলে সুদূরপ্রসারী পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলন, “রাসায়িনক অস্ত্রের কোনওরকম ব্যবহার হলে সংঘাতের স্বরূপই বদলে যাবে। আর তা হবে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।”
