২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-২০ থেকে ছিটকে পড়ার হুমকি, রাশিয়ার পাশে থাকছে চীন

ইন্দোনেশিয়ার বালিতে এবছর অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দিতে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ইউক্রেইনে হামলার জেরে রাশিয়াকে এ জোট থেকে বের করে দিতে উদ্যত হয়েছে কয়েকটি সদস্য দেশ। তবে এই হুমকির মুখে চীনকে পাশে পাচ্ছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Mar 2022, 10:41 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ছে রাশিয়া। এমনকী খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপরও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

এবার যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ থেকেও রাশিয়াকে বাদ দেওয়া নিয়ে আলোচনা শুরু করেছে বলে রয়টার্স বার্তা সংস্থাকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা।

তবে তারা বলছেন, জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার যে কোনও পদক্ষেপে ভেটো দিতে পারে জোটের অন্য সদস্যরা। আবার কয়েকটি দেশ বিষয়টি নিয়ে বিতর্ক এড়াতে জি-২০ সম্মেলনও বাদ দিতে পারে।

জি–২০ জোটের সভাপতির দায়িত্বে বর্তমানে আছে ইন্দোনেশিয়া।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জি-২০ সম্মেলনে যোগ দিতে চান প্রেসিডেন্ট পুতিন। তবে তা কোভিড পরিস্থিতিসহ অনেক কিছুর ওপর নির্ভর করছে। বর্তমানে কোভিড পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন পর্যন্ত পুতিনের ইচ্ছা সম্মেলনে যোগ দেওয়া।”

রাশিয়াকে জি-২০ থেকে বাদ দেওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে ভেরোবিভা বলেন, “এটি অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার একটি ফোরাম; ইউক্রেইন সংকটের মতো কোনও বিষয় নিয়ে আলোচনার জন্য নয়। এ ধরনের ফোরাম থেকে রাশিয়াকে বাদ দিলে তা অর্থনৈতিক সমস্যা সমাধানে সহায়ক হবে না।”

চীন ইউক্রেইনে রাশিয়ার হামলার নিন্দা জানায়নি এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। বুধবার চীন মস্কোর পক্ষ হয়ে কথা বলেছে। রাশিয়াকে জি-২০এর গুরুত্বপূর্ণ সদস্যদেশ হিসেবে অভিহিত করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “জি-২০ এমন একটি জোট, যেটির উচিত কোভিড মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার উপায় খোঁজা।”

এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “কোনও সদস্যদেশেরই অন্য দেশকে বের করে দেওয়ার সুযোগ নেই। জি-২০ এর উচিত প্রকৃত বহুপাক্ষিকতার বাস্তবায়ন এবং ঐক্য ও সহযোগিতা জোরদার করা।”

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় রাশিয়াকে জি-২০ থেকে বাদ দেওয়ার আহ্বানের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনের আগ্রাসন শুরু করেছে। ইউক্রেইনকে নিরস্ত্র করার জন্য ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করা হয়েছে বলে যুক্তি দেখিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই অভিযানের জেরে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া, সুইফট গ্লোবাল ব্যাংক মেসেজিং সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দেওয়ার মতো পদক্ষেপও তারা নিয়েছে।

মঙ্গলবার পোল্যান্ড জানায়, তারা মার্কিন বাণিজ্য কর্মকর্তাদেরকে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার পরামর্শ দিয়ে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পেয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, জি-২০ নেতাদেরকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে এখন অগ্রাধিকারের বিষয় এটি নয়। তিনি বলেন, “আমাদের এখন জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি দরকার।”