২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-২০ থেকে ‘রাশিয়াকে বাদ দেওয়ার ইচ্ছা’ পশ্চিমাদের

ইউক্রেইনে হামলা চালানো রাশিয়াকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০ তে রাখা উচিত কিনা যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা তা পর্যালোচনা করে দেখছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 03:24 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

এ সংক্রান্ত আলোচনার সঙ্গে সম্পৃক্ত একাধিক সূত্র মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে।

পশ্চিমারা চাইলেও রাশিয়াকে বাদ দেওয়ার এ চেষ্টায় চীন, ভারত, সৌদি আরবসহ জোটের একাধিক সদস্য ভিটো দেবে বলে অনুমান করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে চলতি বছরের জি-২০ বৈঠকগুলোতে অনেক দেশের প্রতিনিধিদের অনুপস্থিতির শঙ্কা বাড়ছে, জানিয়েছে সূত্রগুলো।

ইউক্রেইনে হামলার প্রতিক্রিয়ায় রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।

এসব নিষেধাজ্ঞার মধ্যে আছে মস্কোকে আর্থিক লেনদেন সংক্রান্ত বার্তা পাঠানোর সুপরিচিত নেটওয়ার্ক সুইফট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনে বিধিনিষেধ আরোপের মতো ব্যবস্থাও।

“রাশিয়া জি-২০ এর অংশীদার থাকার উপযুক্ত কিনা তা নিয়ে আলোচনা চলছে। রাশিয়া যদি সদস্য থাকে, তাহলে এটি দিন দিন কম দরকারি একটি সংগঠনে পরিণত হবে,” রয়টার্সকে বলেছে শিল্পোন্নত ৭ দেশের জোট জি-৭ এর উচ্চপর্যায়ের একটি সূত্র।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্রাসেলসে মিত্রদের সঙ্গে বৈঠকে রাশিয়াকে জি-২০ থেকে বের করে দেওয়ার জন্য চাপ দেবেন কি না, এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাশিয়ার ব্যবসা স্বাভাবিকভাবে চলতে পারে না।”

তবে এ ধরনের কোনো ঘোষণার আগে মিত্রদের সঙ্গে আলোচনার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আছে, বলেছেন তিনি।

জি২০-র আসন্ন বৈঠকগুলোতে রাশিয়ার থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে বলে ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্রও পৃথকভাবে জানিয়েছে।

জি-২০ এর সভাপতির পদে ঘুরে ঘুরে একটির পর একটি দেশ আসে, এখন এ পদে আছে ইন্দোনেশিয়া।

“আসন্ন মন্ত্রিপর্যায়ের বৈঠকগুলোতে রাশিয়ার উপস্থিতি ইউরোপীয় দেশগুলোর জন্য যে খুবই সমস্যার হবে তা ইন্দোনেশিয়ারে কাছে স্পষ্ট করা হয়েছে,” বলেছে ইউরোপীয় সূত্রটি।

তবে জি-২০’র বৈঠকগুলো থেকে সদস্য দেশগুলোর কাউকে বাদ দেওয়ার কোনো পদ্ধতি নেই।

দুই দশক আগে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উষ্ণ সম্পর্কের সময় মস্কোকে অন্তর্ভুক্ত করে জি-৭ পরিণত হয়েছিল জি-৮ এ। কিন্তু ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর রাশিয়ার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়।

মঙ্গলবার পোল্যান্ড জানায়, তারা জি-২০তে রাশিয়ার স্থলাভিষিক্ত হতে চায় এটি যুক্তরাষ্ট্রের বাণি্জ্য মন্ত্রণালয়কে জানানোর পর প্রস্তাবটি ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পেয়েছে।

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, কয়েকদিন আগে পোলিশ অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিমন্ত্রী পিওতর নোভাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর বৈঠকে জি২০সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।

“তিনি (মার্কিন মন্ত্রী) জি২০ নিয়ে পোল্যান্ডের প্রস্তাবের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কোনো অবস্থান ব্যক্ত করেননি,” বলেছেন তিনি।

জি-৭ এর সূত্রটি জানিয়েছে, জি-২০ এর বর্তমান সভাপতি দেশ ইন্দোনেশিয়া কিংবা ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও চীনের মতো দেশগুলো জোট থেকে রাশিয়াকে বাদ দেওয়ার প্রস্তাবে রাজি হবে বলে মনে হচ্ছে না।

“মস্কো নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত না নিলে রাশিয়াকে জি-২০ থেকে বাদ দেওয়া অসম্ভব হবে। রাশিয়ার জি-২০ সদস্যপদ খারিজের কোনো পদ্ধতিই নেই,” বলেছেন জি-২০ এর সদস্য এশীয় একটি দেশের একজন কর্মকর্তা।

যদি জি-৭ দেশগুলো চলতি বছরের জি-২০ বৈঠকগুলোতে অংশ না নেয় তাহলে তা ভারতের জন্য কড়া বার্তা হবে,” বলেছে সূত্রটি।

ইউক্রেইনে রাশিয়ার হামলার নিন্দা না জানানোয় এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় সমর্থন না দেওয়ায় পশ্চিমা অনেক দেশই নয়া দিল্লির ওপর রুষ্ট।

রাশিয়াকে জি-২০ থেকে বাদ দেওয়ার আহ্বান বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইন্দোনেশিয়া।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের উপ-গভর্নর দোদি বুদি ওয়ালুয়ো সোমবার এক সেমিনারে বলেছেন, ইন্দোনেশিয়ার অবস্থান সবসময়ই নিরপেক্ষ।

রাশিয়াকে নিয়ে জোটে বিভক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোনো সমস্যা উদ্ভূত হলে জি-২০ এর নেতৃত্বকে কাজে লাগিয়ে তা সমাধানের চেষ্টা করা হবে।

জি-২০ এর বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার ‘দৃঢ় অঙ্গীকার’ ছিল, অন্য সদস্য রাষ্ট্রগুলো তাদেরকে বৈঠকে উপস্থিত হতে নিষেধ করতে পারে না, বলেছেন তিনি।

আরও পড়ুন:

জি-২০ শীর্ষ সম্মেলনে ‘যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন পুতিন’