ইউক্রেইনে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ডেপুটি কমান্ডার নিহত
রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন ফার্স্ট র্যাঙ্ক আন্দ্রেই পালি ইউক্রেইনের মারিউপোল শহরের কাছে লড়াইয়ে নিহত হয়েছেন বলে বেশ কয়েকজন উর্ধ্বতন রুশ কর্মকর্তা জানিয়েছেন।
ক্রাইমিয়ার সেবাস্তপোল শহর থেকে নির্বাচিত সেনেটর ইয়েকাতেরিনা আলতাবায়েভা রোববার প্রথম এ খবর জানিয়েছেন বলে রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে।
বিস্তারিত না জানিয়ে এ আইনপ্রণেতা শুধু বলেছেন,“মারিউপোলকে নাৎসিদের থেকে মুক্ত করার লড়াইয়ে ক্যাপ্টেন আন্দ্রেই পালি নিহত হয়েছেন।”
সেবাস্তপোল দেশটির কৃষ্ণসাগরীয় নৌবহরের নিজস্ব বন্দর।
একইদিন সেবাস্তপোলের গভর্নর মিখাইল রেজভাজায়েভও খবরটি নিশ্চিত করেছেন। উভয় কর্মকর্তাই জানিয়েছেন, তারা ক্যাপ্টেন আন্দ্রেইকে ব্যক্তিগতভাবে চিনতেন। আন্দ্রেইয়ের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা।
এক টেলিগ্রাম পোস্টে রেজভাজায়েভ বলেছেন, “আন্দ্রেই তার জীবনের কাজ হিসেবে মাতৃভূমিকে রক্ষার বিষয়টি বেছে নিয়েছেন এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মৃত্যুবরণ করেছেন।”
তবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর কথা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রত্যাখ্যানও করেনি আবার নিশ্চিতও করেনি, তারা এ বিষয়ে মৌনতা অবলম্বন করছে বলে আরটি জানিয়েছে। লড়াইয়ে রাশিয়ার আরও কয়েকজন জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করে আসছে কিইভ, কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পর্যন্ত এসব দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, আন্দ্রেই অবরুদ্ধ মারিউপোল শহর থেকে বেসামরিকদের সরিয়ে নিতে রাশিয়ার সামরিক বাহিনীর প্রতিষ্ঠা করা মানবিক করিডোরের তদারকির দায়িত্বে ছিলেন।
আরটি বলছে, ইউক্রেইন সাত বছর ধরে মিনস্ক অস্ত্রবিরতি চুক্তির শর্তগুলো পালনে ব্যর্থ হওয়ার পরিণামস্বরূপ দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেশী দেশটি আক্রমণ করে রাশিয়া।
এখন রাশিয়া দাবি করছে, ইউক্রেইন আনুষ্ঠানিকভাবে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা করুক যে কখনো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সামরিক জোটে যোগ দেবে না।
কিইভ বলছে, রাশিয়া বিনা উস্কানিতে আক্রমণ করেছে এবং শক্তি প্রয়োগ করে বিচ্ছিন্নতাবাদী ওই প্রজাতন্ত্র দুটিকে নিয়ন্ত্রণে নেওয়ার কোনো পরিকল্পনা তারা করছিল না।
