২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরামকো

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো তাদের তেলের উৎপাদন বাড়াতে এ খাতে বিনিয়োগ বৃদ্ধির ঘোষণা দিয়েছে। বিশ্বের তেল বাজারের জন্য নিশ্চিতভাবেই যা দারুণ স্বস্তির খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2022, 11:16 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

বিবিসি জানায়, সৌদি আরামকো জ্বালানিখাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আগামী পাঁচ থেকে আট বছরের জন্য জ্বালানি উৎপাদন বৃদ্ধি করতে চাইছে।

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার জ্বালানি খাতের উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তেল এবং গ্যাসের বাজারে আগুন ধরে যায়। বিশ্ববাজারে তেলের মূল্য এখন গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সৌদি আরবের পর রাশিয়াই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ।

ইউরোপের বেশিরভাগ দেশই রাশিয়ার তেলের উপর নির্ভরশীল ছিল। রাশিয়ার জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞার ফলে সে সব দেশে তেলের দাম চড়তে থাকে, নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারা হন্যে হয়ে জ্বালানির বিকল্প উৎস খুঁজছিল। সৌদি আরমকোর এই ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন।

বিবিসি জানায়, গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সৌদি আরব সফরে গিয়ে তাদের তেল উৎপাদন বৃদ্ধিতে রাজি করার চেষ্টা করেন। যাতে রাশিয়ার তেল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে যোগানের যে ঘাটতি দেখা দিয়েছে সেটা আপাতত সামাল দেওয়া যায়।

ওপেকের শীর্ষ তেল রাপ্তানিকারক দেশ সৌদি আরব। দেশটি এখন যদি তাদের তেল উৎপাদন আরো বাড়িয়ে দেয় তবে হয়তো বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে।

যদিও তেলের বাজারে স্বস্তি ফেরাতে প্রধানমন্ত্রী জনসনের সৌদি আরবকে পটানোর চেষ্টাকে ভালো চোখে দেখছে না দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি। তারা বলছেন, সরকার জ্বালানি সংকট মোকাবেলা করতে গিয়ে ‘এক স্বৈরাশাসকের মাথা থেকে টুপি খুলে আরেক স্বৈরাশাসকের মাথায় পরাচ্ছে’।

তবে প্রধানমন্ত্রী ‘একদম সঠিক’ কাজটি করেছেন বলে মনে করেন চ্যান্সেলর ঋষি শৌনক। তিনি বিবিসি-কে বলেন, ‘‘যদি আমরা এ দেশের জনগণের জন্য আরও কম দামে তেল আনতে এবং জ্বালানি পাওয়ার বিষয়টি আরো নিশ্চিত করতে আমাদের হাতে যে যে বিকল্প পথ আছে সেসব ধরে চেষ্টা না করি তবে সেটা ভুল হবে।”

ওদিকে, ছায়া চ্যান্সেলর র‌্যাচেল রীভাস বলেন, যুক্তরাজ্যের উচিত রাশিয়া এবং সৌদি আরবের মত দেশের উপর নির্ভরশীলতা হ্রাস করতে নতুন নতুন পরমাণু জ্বালানি ক্ষেত্র ও দেশে বা দেশের বাইরে উইন্ড পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে দেশীয় জ্বালানি উৎপাদনের দিকে অধিক মনযোগ দেওয়া।”

করোনা ভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে পুরো বিশ্বের অর্থনীতিতে যখন মন্দার হাওয়া তখন সৌদি আরামকোর মুনাফাও খাড়া নেমে গিয়েছিল। কিন্তু পরের বছরই কোম্পানিটি ঘুরে দাঁড়ায়।

মহামারীর ধাক্কা কাটিয়ে অনেক দেশ নিজেদের অর্থনীতির চাকা সচল করলে তেলের চাহিদা বাড়ে। ফলে ২০২১ সালে তেলের দাম আবার এক লাফে অনেকটা বেড়ে যায়। সৌদি আরামকোর মুনাফা দ্বিগুণ হয়।

সৌদি আরামকো জানিয়েছে, তারা এ বছর তাদের মূলধন ব্যয় বাড়িয়ে ৪৫ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলার করার পরিকল্পনা করেছে। যেটা ভবিষ্যতে আরো বাড়ানো হবে। গত বছর তাদের মূলধন ব্যয় ছিল প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার।

কোম্পানির পক্ষ থেকে আরো বলা হয়, ২০২৭ সাল পর্যন্ত তারা প্রতিদিন গড়ে এক কোটি ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করবে। গত মাসেও কোম্পানিটি প্রতিদিন এক কোটি ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করেছে।

২০৩০ ‍সালের মধ্যে তারা তাদের প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও ৫০ শতাংশের বেশি বাড়ানোর ঘোষণা দিয়েছে।