রুশ হামলায় মারিউপোলের ৯০ শতাংশই ধ্বংস
ইউক্রেইনের অবরুদ্ধ মারিউপোলে প্রতিদিনের রুশ বোমা হামলায় এ পর্যন্ত ৯০ শতাংশ ঘরবাড়িই ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
টুইটারে ইউক্রেইনের এমপি লেসিয়া ভাসিলেঙ্কো বলেছেন, “আকাশ থেকে এই নগরীকে ধ্বংস করা হচ্ছে।”
প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্ববানের পুনরাবৃত্তি করে ভানিলেঙ্কোও পশ্চিমা দেশগুলোর কাছে ইউক্রেইনের আকাশে উ্ড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার আর্জি জানান।
এর আগে শহরের একটি থিয়েটারে আশ্রয় নেওয়া মানুষের ওপর রাশিয়া বোমা ফেলেছে বলে অভিযোগ করেছিল নগর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার মারিউপোলের উপ মেয়র সার্গেই ওরলভ বিবিসি-কে বলেন, থিয়েটার ভবনে এক হাজার থেকে বারো শ মানুষ আশ্রয় নিয়েছিল।
সেখানকার ধ্বংসাবশেষ থেকে জীবিতদের উদ্ধারকাজ চলার খবর আসার মধ্যেই নগরের ৯০ শতাংশ ধ্বংস হওয়ার এই খবর এল।
নগরীতে রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণের মধ্যেই উদ্ধার অভিযান চলছে। এর আগে রাশিয়ার বিমান হামলা ও গোলায় একটি মাতৃসদন, একটি গির্জা ও অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছিল।
স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মারিউপোলে অন্তত দুই হাজার ৪০০ জন নিহত হয়েছেন। মৃতদের অনেককেই গণকবরে সমাহিত করা হয়েছে।
