২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তর-পূর্বে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২০ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 10:12 PM

Updated : 28 Apr 2022, 11:51 PM

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পর উৎপত্তি স্থল ছিল জাপানের উপকূলীয় ফুকুশিমা অঞ্চলের ভূমি থেকে ৬০ কিলোমিটার গভীরে।

১১ বছর আগে এই ফুকুশিমাতেই ঘটেছিল আরেক ভয়াবহ ভূমিকম্প, ডেকে এনেছিল পারাণবিক বিপর্যয়।

এবারের মারাত্মক শক্তিশালী ভূমিকম্পটি ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিওকেও কাঁপিয়ে দিয়ে গেছে। কম্পন এতটাই তীব্র ছিল যে মানুষের দাঁড়িয়ে থাকাও কঠিন হয়েছে।

স্থানীয় সময় বুধবার ২৩:৩৬ মিনিটে (১৪:৩৬ জিএমটি) এ ভূমিকম্প হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ বিভাগ।

ভূমিকম্পের পরপরই উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে এক মিটার পর্যন্ত উঁচু সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়।

ভূমিকম্পের সময় ফুকুশিমা দাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ফায়ার অ্যালার্ম বেজে উঠে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

সেখানকার বর্তমান পরিস্থিতি গভীর মনযোগে খতিয়ে দেখা হচ্ছে। ২০১১ ‍সালের মার্চে ৯ মাত্রার প্রলয়ংকারী ভূমিকম্পে এই পাওয়ার প্ল্যান্ট ধ্বংস হয়ে গিয়েছিল।

টোকিওর ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি জানায়, ভূমিকম্পের কারণে প্রায় ২০ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তার মধ্যে সাত লাখ বাড়ি রাজধানী টোকিওতে। তারা ফুকুশিমা এবং অন্যান্য পাওয়ার প্ল্যান্টের রিয়েক্টরগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে দেখছেন।

তবে এখন পর্যন্ত কোনো প্ল্যান্ট বা উপকূলের তেল শোধনাগারগুলোতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান সরকারি কর্মকর্তারা।

২০১১ সালের ভূমিকম্পে ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা বেরিয়ে ছড়িয়ে পড়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের পর সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা ছিল দাইচি পরামণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়া।

বেশ কয়েকটি সক্রিয় টেকটোনিক প্লেটে জাপানের অবস্থান হওয়ায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প হয়। বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার প্রায় একপঞ্চমাংশ ভূমিকম্প জাপানেই ঘটে থাকে।