ঝুঁকি নিয়ে ট্রেনে চেপে কিইভে ইউরোপের ৩ প্রধানমন্ত্রী, জেলেনস্কির সঙ্গে বৈঠক
রাশিয়ার সামরিক অভিযান চলার মধ্যেই ঝুঁকি নিয়ে ট্রেনে চেপে ইউক্রেইনের রাজধানী কিইভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ইউরোপের তিন দেশের প্রধানমন্ত্রী।
এই দলে আছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী। তাদের এই সাহসিকতার প্রশংসা করেছে রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে থাকা কিইভের শাসকরা।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কারফিউর মধ্যেই কিইভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতয়জস মোরাভিকি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেটর ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানসা। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জারসল কাচজিনস্কিও তাদের সঙ্গে ছিলেন।
বৈঠক শেষে চেক নেতা ইউক্রেইনীয়দের উদ্দেশে বলেন “আপনারা নিঃসঙ্গ নন।”
রাশিয়া ইউক্রেইনে অভিযান শুরুর পর তারাই প্রথম পশ্চিমা নেতা যারা সেদেশে সফর করছেন।
ইউক্রেইনের রাজধানী কিইভে পৌঁছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় নেতারা।
পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেইন এই লড়াইয়ে হারলে ইউরোপ আর কখনই আগের মত থাকবে না। বরং এটা হবে এর একটি “পরাজিত, নতজানু ও করুণাজাগানো রূপ”।
তিনি ইউক্রেইনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেওয়ারও আহ্বান জানান বলে উল্লেখ করেছে সিএনএন।
ইউক্রেইনের প্রধানমন্ত্রী ডেনিস শমিহল টুইটারে লিখেছেন, রাশিয়ার বিরুদ্ধে ‘কঠোর’ অবরোধ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের মদদদাতা দেশ’ ঘোষণা করার কথাও এসেছে আলোচনায়।
ছবি: রয়টার্স
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, এই রাজনীতিকরা কোনো বিশেষ ম্যান্ডেট বা ঘোষণা নিয়ে যাননি, তবে ব্রাসেলসের নেতারা তাদের এই সফর সম্পর্কে জানতেন। গত সপ্তাহে ফ্রান্সের ভার্সাইয়ে ইইউ সম্মেলনে এই সফরের বিষয়ে আলোচনাও হয়েছিল।
পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী স্বীকার করেছেন, তাদের এই সফর ঝুঁকিপূর্ণ ছিল। তার ভাষায়, ‘মূল্যবোধের স্বার্থে’ এই ঝুঁকি নেওয়া অর্থবহ। তিনি জানান, তাদের এই সফর সম্পর্কে রাশিয়াকে তারা জানিয়েছিলেন।
বিবিসির ইউরোপের সম্পাদকের মতে, ইউরোপের এই নেতারা ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন কারণ পোল্যান্ডের সামরিক বিমানে করে এই সফর করা হলে তা রাশিয়া উসকানি হিসেবে দেখতে পারত। তবে তাদের নিয়ে ফিরতি ট্রেন ওয়ারশর পথে কখন যাত্রা করবে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
