মারিওপোলের হাসপাতালে ৪শ’ জনকে আটকে রেখেছে রুশ সেনারা
ইউক্রেইনের মারিওপোলে একটি হাসপাতালের ভেতরে রুশ সেনারা রোগী এবং চিকিৎসকসহ ৪শ’ জনকে ‘জিম্মির মতো’ আটকে রেখেছে বলে জানিয়েছেন নগরীর উপ-মেয়র।
বিবিসি জানায়, কয়েকদিন ধরে বন্দরনগরী মারিওপোলে রুশ সেনারা প্রাণঘাতী হামলা চালানোর পর সেখানকার সবচেয়ে বড় মাতৃসদন হাসপাতাল দখল করেছে।
সেখানেই রোগী এবং হাসপাতালকর্মী মিলিয়ে ৪০০ জনকে আটকে রেখে তাদের সঙ্গে জিম্মির মতো আচরণ করা হচ্ছে।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, মারিওপোলের পশ্চিম উপকণ্ঠের ইনটেনসিভ কেয়ার হাসপাতালটি গোলা হামলায় প্রায় ধ্বংসই হয়ে গেছে। তারপরও সেখানকার বেজমেন্টে কর্মীরা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছে।
হাসপাতালের এক কর্মী বলেছেন, “আমরা বের হতে পারছি না।” কর্তৃপক্ষ বলছে, মারিওপোলে বোমা হামলা শুরুর পর থেকে এরই মধ্যে অন্তত ২,৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নগরীর বহু বাসিন্দা মাটির নিচে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছে।
একটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, রাশিয়ার সেনারা হাসপাতাল থেকে কেউ বের হলেই তাকে গুলি করার হুমকি দিচ্ছে এবং কেউ কেউ হাসপাতাল থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহতও হয়েছে।
