২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া প্রসঙ্গে চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইউক্রেইনে আগ্রাসন চালানো রাশিয়াকে সহায়তা করলে চীনকে কঠিন ‘পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 12:33 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনে আক্রমণ চালানোর পর রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে বলে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন অনামা মার্কিন কর্মকর্তারা।

কথিত রাশিয়ার ওই অনুরোধের বিষয়ে তারা কিছু জানেনা বলে জানিয়েছে ওয়াশিংটনস্থ চীনা দূতাবাস।

সোমবার রোমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য ও দলের কেন্দ্রীয় বৈদেশিক বিষয়ক কমিশনের পরিচালক ইয়াং জাইচির সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে এ সতর্কতা জানালো ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, চীন যদি ইউক্রেইনের বিরুদ্ধে এই যুদ্ধে রাশিয়াকে শক্তি যোগায়, তাহলে পরিণতি ভালো হবে না; বৈঠকে ইয়াংকে এমন সতর্কবার্তা দেবেন সুলিভান।

ইউক্রেইন সংকট শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিনের মিত্র মস্কোকে দৃঢ় মৌখিক সমর্থন দিয়ে আসছে বেইজিং। কিন্তু প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক সহায়তা দিয়েছে বলে জানান যায়নি।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সম্প্রতি চীনের কাছে ড্রোনসহ বিভিন্ন সামরিক উপকরণ চেয়েছে রাশিয়া। কিন্তু মস্কোর এই অনুরোধে চীন কী প্রতিক্রিয়া জানিয়েছে তা জানা যায়নি।

আরও পড়ুন:

চীনের কাছে অস্ত্র আর অর্থ চেয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র  

অর্ধেক রিজার্ভ জব্দ, চীনের কাছে সাহায্য চায় রাশিয়া