রাশিয়ার সঙ্গে আলোচনায় ‘প্রেসিডেন্টদের মধ্যে বৈঠক চাইবে ইউক্রেইন’
রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া ইউক্রেইনীয় কর্মকর্তারা দুই দেশের প্রেসিডেন্টদ্বয়ের মধ্যে সরাসরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
প্রস্তাবিত এ শীর্ষ বৈঠক শান্তির পথ খুলতে পারে, তিনি এমন সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেইনের যুদ্ধ নিয়ে সোমবার ভোরে ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রতিবেশী দুই দেশের মধ্যে ফের আলোচনা হওয়ার কথা রয়েছে। সম্প্রতি কর্মকর্তারা আশাবাদী মূল্যায়ন দিলেও এসব আলোচনা থেকে এখনও পর্যন্ত কোনো ইতিবাচক ফল আসেনি।
সব চূড়ান্ত সিদ্ধান্ত রাশিয়ার নেতা একাই নিচ্ছেন, এমন ইঙ্গিত করে ইউক্রেইন বারবার জেলেনস্কি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে আসছে।
“আমাদের প্রতিনিধি দলের পরিষ্কার একটি কাজ আছে, তা হল দুই প্রেসিডেন্টদ্বয়ের মধ্যে বৈঠক নিশ্চিত করার জন্য সবকিছু করা। আমি নিশ্চিত, জনতা এই বৈঠকের জন্য অপেক্ষা করছে,” দৈনিক ভিডিও ভাষণে এমনটি বলেছেন জেলেনস্কি।
“অবশ্যই এটি একটি কঠিন গল্প। একটি কঠিন পথ। কিন্তু এই পথ দরকার। আর ইউক্রেইনের জন্য আমাদের লক্ষ্য এই সংগ্রাম, এই আলোচনা থেকে প্রয়োজনীয় ফল পাওয়া। যা শান্তির জন্য দরকার। নিরাপত্তার জন্য দরকার,” বলেছেন তিনি।
এর আগে রাশিয়া বলেছিল, ‘নির্দিষ্ট ইস্যু নিয়ে আলোচনার জন্য এ ধরনের বৈঠকের বিষয়টি ক্রেমলিন অস্বীকার করবে না, কিন্তু এরপর বিস্তারিত আর কিছু বলেনি তারা।
এ পর্যন্ত বেলারুশে দুই পক্ষের মধ্যে এ ধরনের তিন রাউন্ড বৈঠক হয়েছে, যার শেষটি হয়েছে গত সোমবার। এসব বৈঠকে মূলত মানবিক বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে এবং যুদ্ধকবলিত শহরগুলো থেকে কিছু বেসামরিককে সরে যাওয়ার পথ করে দিয়েছে।
তবে এসব আলোচনায় কিছু ‘ইতিবাচক পরিবর্তন’ ঘটেছে বলে শুক্রবার মন্তব্য করেছেন পুতিন, কিন্তু বিস্তারিত আর কিছু বলেননি।
গত বৃহস্পতিবার তুরস্কের রাশিয়া ও ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হলেও তাতে অস্ত্রবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।
ইউক্রেইন জানিয়েছে, তারা রাশিয়ার সঙ্গে আলোচনায় ইচ্ছুক হলেও আত্মসমর্পণ করবে না।
ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং ২৫ লাখেরও বেশি মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে।
রোববার নেটো সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তের নিকটবর্তী ইউক্রেইনীয় একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩৫ জন নিহত ও ১৩৪ জন আহত হয়েছে। এই হামলার মাধ্যমে ইউক্রেইনের পশ্চিমাঞ্চলে যুদ্ধের আরও বিস্তৃতি ঘটালো রাশিয়া।
