ইউক্রেইন যুদ্ধ: কিইভের কাছে নিহত যুক্তরাষ্ট্রের সাংবাদিক
ইউক্রেইনের রাজধানী কিইভের শহরতলী ইরপিনে দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের পদকজয়ী চলচ্চিত্র পরিচালক এবং সাংবাদিক ব্রেন্ট রেন্যঁ। আহত হয়েছেন তার এক সহকর্মী।
ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার রেন্যঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
নিহত রেন্যঁর কাছে নিউ ইয়র্ক টাইমসের একটি পরিচয় পত্র পাওয়া গেছে। তাই বিভিন্ন গণমাধ্যমে প্রথমে তাকে যুক্তরাষ্ট্রের ওই পত্রিকাটির সাংবাদিক বলে পরিচয় দেওয়া হচ্ছিল।
কিন্তু নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ জানায়, রেন্যঁ তাদের হয়ে ইউক্রেইনে কাজ করছিলেন না বা তাকে সংবাদ সংগ্রহের জন্য ইউক্রেইনে পাঠানোও হয়নি।
তার কাছে যে পরিচয়পত্র পাওয়া গেছে সেটি আগের, অন্য একটি প্রতিবেদনের কাজ করার সময় রেন্যঁকে সেটি দেওয়া হয়েছিল। ২০১৫ সালে শেষবার রেন্যঁ নিউ ইয়র্ক টাইমস- এর হয়ে কাজ করেছিলেন বলে জানিয়েছে পত্রিকাটি।
রেন্যঁই প্রথম কোনও বিদেশি সাংবাদিক যিনি ইউক্রেইন যুদ্ধের বলি হলেন। ৫০ বছরের রেন্যঁ শুধু সাংবাদিক নন, তিনি পদক জয়ী চলচ্চিত্র পরিচালকও ছিলেন।
তিনি এইচবিও, এনবিসি এবং নিউ ইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের অনেক নামকরা সংবাদপত্র এবং মিডিয়ার হয়ে কাজ করেছেন। তিনি ইরাক ও আফগান যুদ্ধের খবরও সংগ্রহ করেছিলেন।
ইউক্রেইন কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে রুশ বাহিনী ইরপিনে প্রচণ্ড গোলা বর্ষণ করে যাচ্ছে। তবে রেন্যঁ ঠিক কীভাবে নিহত হয়েছেন সে বিষয়ে ইউক্রেইন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
নিউ ইয়র্ক টাইসমের মুখপাত্র ড্যানিয়েলা রোয়াডেস বলেন, ‘‘ব্রেন্ট রেন্যঁর মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন প্রতিভাধর চলচ্চিত্র পরিচালক ছিলেন।”
দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, দুই ভাই মিলে এর আগে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ, হাইতিতে ভূমিকম্প, মেক্সিকোর মাদক পাচার চক্র এবং সেন্ট্রাল আমেরিকার দেশগুলোর তরুণ শরণার্থীদের নিয়ে কাজ করেছেন।
ইউক্রেইন যুদ্ধ নিয়ে রোববার ইউএ টিভির একটি ভিডিও ফুটেজে ব্রেন্ট রেন্যঁর নিহত হওয়ার খবর প্রচার করা হয়। সেখানে তাকে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার বলা হয় এবং তার প্রেসকার্ডটি দেখানো হয়। যেটি তার মৃতদেহের পাশে পাওয়া গেছে বলে জানানো হয়।
ভিডিওতে হামলার সময় রেন্যর সঙ্গে থাকা তার এক সহকর্মীর সাক্ষাৎকারও প্রচার করা হয়। যিনি নিজেও ওই ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। ঘটনার বর্ণনায় তিনি বলেন, ‘‘আমরা ইরপিনে একটি সেতু পার হচ্ছিলাম। আমরা শরণার্থীদের জীবন যাপনের ওপর ভিডিও করতে সেখানে গিয়েছিলাম।
একজন গাড়িতে করে আমাদের অন্য একটি সেতুর কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। আমরা একটি চেকপোস্ট পার হই। এরপরই তারা আমাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। আমার বন্ধু রেন্যঁকে পেছন থেকে গুলি করা হয়। আমি দেখেছি তার ঘাড়ে গুলি লেগেছে। এরপর আমরা বিচ্ছিন্ন হয়ে যাই।”
