কিইভের কাছে যুদ্ধের তীব্রতা বাড়ছে
ইউক্রেইনের রাজধানী থেকে রাশিয়ার স্থল বাহিনীগুলো ২৫ কিলোমিটার দূরে থাকা অবস্থায়ই দুই পক্ষের মধ্যে যুদ্ধের তীব্রতা বাড়ার খবর পাওয়া যাচ্ছে।
ইউক্রেইনের অন্যান্য কয়েকটি শহর ঘিরে রাখা রুশ বাহিনী সেখানে ব্যাপক গোলাবর্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ বাহিনীগুলো উত্তরপশ্চিম ও দক্ষিণপূর্ব দিক থেকে কিইভের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও কামান এবং ড্রোন ব্যবহার করে তাদের বাধা দিয়ে যাচ্ছে ইউক্রেইনীয় বাহিনীগুলো আর এক্ষেত্রে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের পাঠানো তথ্য তারা কাজে লাগাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় ভোররাতে কিইভের উত্তরপূর্বে ব্রোভারি জেলায় রুশ বাহিনীর গোলাবর্ষণে হিমায়িত পণ্যের একটি গুদামে আগুন লেগে যায়।
ভোররাত সাড়ে ৩টার দিকে কিয়েতনেভা গ্রামে গোলাবর্ষণের এই ঘটনা ঘটে তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত জরুরি বিভাগের (এসইএস) প্রকাশিত ছবিতে দেখা গেছে, একতলা একটি গুদামের পুরোটা আগুনের গ্রাসে চলে গেছে আর সেখান থেকে প্রচুর ঘন কালো ধোঁয়া উঠছে।
পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানিয়েছে তারা।
শনিবার ইউইক্রেইনের অধিকাংশ শহরের বাসিন্দাদের ঘুম ভাঙে বিমান হামলার সতর্ক সঙ্কেতে। এ সময় শহরগুলোর বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার আহ্বান জানানো হয় বলে খবর স্থানীয় গণমাধ্যমের।
রাশিয়ার আগ্রাসনের তৃতীয় সপ্তাহে এসে ইউক্রেইনের যুদ্ধ এখন একটি ‘কৌশলগত টার্নিং পয়েন্টে’ পৌঁছেছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন।
