উত্তর প্রদেশ বিজেপির থাকল, পাঞ্জাব আম আদমি পার্টির
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের ক্ষমতা ধরে রেখে ভারতীয় জনতা পার্টি(বিজেপি) প্রমাণ করেছে তাদের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।
অন্যদিকে, পাঞ্জাবে প্রথমবারের মত ক্ষমতায় আসা আম আদমি পার্টি ভারতের দ্বিতীয় কোনো রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে।
সাত পর্বের ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
এরমধ্যে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে জিতেছে বিজেপি। যদিও এই চার রাজ্যে আগে থেকেই বিজেপি ক্ষমতায় ছিল। কোনটিতে এক সংখ্যাগরিষ্ঠতায়, কোথাও জোটসঙ্গী নিয়ে। আর পাঞ্জাব ছিল কংগ্রেসের হাতে।
পাঞ্জাবে ১১৭ আসনের মধ্যে আম আদমি পার্টি পেয়েছে ৯২টি আসন। দ্বিতীয় অবস্থানে থাকা কংগ্রেস জিতেছে মাত্র ১৮টি আসনে।
পাঞ্জাব জয়ের মধ্য দিয়ে দিল্লির পর ভারতের আরও একটি রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। যা দলটির কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠার স্বপ্নের পালে জোর হাওয়া দিয়েছে।
আম আদমি পার্টি আগেই ঘোষণা করেছিল দল পাঞ্জাবে জিতলে ভগবন্ত সিং মান মুখ্যমন্ত্রী হবেন।
এবারের বিধানসভা নির্বাচনে সবার নজর ছিল ভারতের কৃষক আন্দোলনের কেন্দ্রভূমি উত্তর প্রদেশের দিকে। এ প্রদেশে ২৪ কোটি মানুষের বাস, স্বতন্ত্র দেশ হলে জনসংখ্যার দিক দিয়ে এটি হত পৃথিবীর পঞ্চম জনবহুল দেশ।
ভারতের পার্লামেন্টে সবচেয়ে বেশি এমপি আসেন উত্তর প্রদেশ থেকে, ৮০ জন। এ কারণে প্রায়ই বলা হয়ে থাকে, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, তারাই ভারত শাসন করে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারাকে বিজেপি দলের বিরাট সাফল্য হিসেবে দেখছে।
উত্তর প্রদেশে ৪০৩ আসনের মধ্যে বিজেপি জিতেছে ২৭৪টি আসন। ওই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২০২ আসন।
রাজ্যে দ্বিতীয় অবস্থানে আছে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। তারা ১২৪টি আসনে জিতেছে। রাজ্যে এককালের প্রভাবশালী দল বহুজন সমাজ পার্টি (বসপা) মাত্র একটি এবং কংগ্রেস মাত্র দু্ইটি আসন পেয়েছে।
উত্তরপ্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী মায়াবতীর নেতৃত্বাধীন বসপা কার্যত ওই রাজ্যের রাজনৈতিক মানচিত্র থেকে যেন হারিয়েই গেছে। আর কংগ্রেস দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজ্য জুড়ে ব্যাপক প্রচার অভিযান চালিয়েও দলের ভাগ্য ফেরাতে পারেনি।
উত্তরাখণ্ডে ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টি এবং কংগ্রেস ১৮টি আসনে জিতেছে। সরকার গঠনের জন্য ৩৬টি আসনই যথেষ্ট।
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ৬০ সদস্যের বিধানসভায় গরিষ্ঠতার জন্য চা্ই ৩১টি আসন। বিজেপি পেয়েছে একটি বেশি অর্থাৎ ৩২টি আসন।
৪০ সদস্যের গোয়া বিধানসভাতে বিজেপি পেয়েছে ২০টি আসন। সরকার গঠন করতে প্রয়োজন ২১ আসন। ফলে সরকার গঠন করতে হলে কাউকে দলে টানতে হবে বিজেপির। এই রাজ্যে কংগ্রেস পেয়েছে ১২টি, আম আদমি পার্টি ৩টি এবং তৃণমূল ২টি আসনে জিতেছে।
