২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে বসছেন রাশিয়া-ইউক্রেইনের দুই পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া প্রতিবেশী ইউক্রেইনে আক্রমণ শুরুর পর প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে তুরস্কে মিলিত হতে যাচ্ছেন দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 02:24 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

বৃহস্পতিবারের এই আলোচনা দুই সপ্তাহ ধরে চলা তুমুল সংঘাতের অবসানে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশা আঙ্কারার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আনতালিয়ায় এক কূটনৈতিক বৈঠকের সাইডলাইনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বসবেন ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। কুলেবা জানিয়েছেন, এ বৈঠকে যুদ্ধবিরতি বা অন্যান্য বিষয়ে সমাধান মিলবে তেমনটা আশা করছেন না তিনি।

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার ওই ‘সর্বাত্মক আক্রমণ’ এর মধ্যেই ইউক্রেইনের ২০ লাখ লোককে দেশ ছাড়া করেছে; একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বর্ধনশীল মানবিক বিপর্যয় অ্যাখ্যা দিয়েছে জাতিসংঘ।

নেটো সদস্য তুরস্ক বারবার মস্কো ও কিইভের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। বিশ্ব শক্তিগুলোর কয়েক সপ্তাহের মধ্যস্থতা চেষ্টার পর আঙ্কারাই শেষ পর্যন্ত রাশিয়া ও ইউক্রেইনের দুই শীর্ষ কূটনীতিককে বৈঠকে বসাতে সক্ষম হচ্ছে।

বৈঠকে ল্যাভরভ যেন ‘অপপ্রচারমূলক দৃষ্টিভঙ্গি থেকে নয়, সরল বিশ্বাস নিয়ে’ বসেন সে আহ্বান জানিয়েছেন কুলেবা।

বুধবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সত্যি বলতে কি, আলোচনা থেকে প্রত্যাশা কম আমার। আমরা চাই যুদ্ধবিরতি ও আমাদের অঞ্চলগুলোকে মুক্ত করতে, তিন নম্বর পয়েন্ট হচ্ছে মানবিক সব ইস্যুর সমাধান।”

মস্কো বলে আসছে, তারাও ইউক্রেইনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে তা হতে হবে তাদের দাবিগুলো নিয়ে। এসব দাবির মধ্যে আছে কিইভের নিরপেক্ষ অবস্থান নেওয়া এবং নেটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করা। কেবল দাবি পূরণ হলেই আক্রমণ বন্ধ হবে, বলেছে তারা।

দুই দেশের প্রতিনিধিরা এর আগেও তিনদফা বৈঠক করেছে; এর মধ্যে দুটি বৈঠক হয়েছে বেলারুশে, একটি ইউক্রেইনে। মানবিক বিষয়ে কিছু সমঝোতার ইঙ্গিত মিললেও বাস্তবে সেসব আলোচনার প্রভাব সামান্যই ছিল।