২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার হুমকির বিরুদ্ধে পশ্চিমা ব্যবস্থা ‘যথেষ্ট দ্রুত ছিল না’: লিজ ট্রাস

রাশিয়া যখন ইউক্রেইন সীমান্তে সৈন্য জড়ো করছিল তখন পশ্চিমা বিশ্ব যথেষ্ট দ্রুত বা যথেষ্ট দৃঢ় ব্যবস্থা গ্রহণ করেনি বলে মনে করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 12:29 AM

Updated : 28 Apr 2022, 11:48 PM

হাউজ অব কমন্স ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সোমবারের বৈঠকে ট্রাস এ কথা বলেন বলে জানায় বিবিসি।

ট্রাস বলেন, ‘‘বাস্তবতা হল, পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ঠেকাতে যেসব ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল তা প্রেসিডেন্ট পুতিন যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেননি।”

ইউক্রেইনে আগ্রাসন চালিয়ে রাশিয়া ইউরোপের ‘নিরাপত্তা কাঠামো গুঁড়িয়ে দিয়েছে’ বলেও মনে করেন ট্রাস।

‘‘এখন আমাদের যা করা উচিত সেটা হল নেটোর শক্তি বাড়ানো। আমাদের বিশেষ করে পূর্ব দিকের অংশকে আরো শক্তিশালী করতে হবে।”

‘‘আমরা এরই মধ্যে এস্তোনিয়ায় আরো সেনা মোতায়েন করেছি, কিন্তু সেখানে আরও করতে হবে। নেটোকে ঘিরে আমাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে”, বলেন তিনি।

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই একের পর এক মন্তব্য করে সংবাদমাধ্যমের শিরোনাম হচ্ছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের কথার লড়াই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে।

এর আগে রাশিয়া সুনির্দিষ্ট করে বলেছিল, ট্রাসের মন্তব্যের জের ধরেই প্রেসিডেন্ট পুতিন তার বাহিনীকে পরমাণু অস্ত্র বহরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছিলেন।