ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ: গমের রেকর্ড দাম
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের উত্তাপ গমের বাজারেও লেগেছে। শিকাগো হুইট ফিউচারে সোমবার গমের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। গত ১৪ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
যুদ্ধ বন্ধ না হলে নিকট ভবিষ্যতে বিশ্ব বাজারে গমের যোগানে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ইউক্রেইন ও রাশিয়া মিলে বিশ্বের প্রায় ২৯ শতাংশ গম রপ্তানি করে। ১৯ শতাংশ ভুট্টার রপ্তানিকারও এই দুই দেশ।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। দুই সপ্তাহ এখনও হয়নি, এরই মধ্যে যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ঢেউ বিশ্বের সব দেশেই পৌঁছে গেছে।
গত সপ্তাহে বিশ্ববাজারে গমের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। যা এক সপ্তাহে সবচেয়ে বেশি দাম বৃদ্ধির রেকর্ড। আর ২০০৮ সালের মার্চের পর থেকে সোমবার গমের দাম সর্বোচ্চ ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপের একজন ব্যবসায়ী বলেন, ‘‘ইউক্রেইনে যুদ্ধ না থামা পর্যন্ত ইউক্রেইন ও রাশিয়ার গম ও ভুট্টা রপ্তানি শুরু হবে এমনটা আশা করতে পারছি না।”
বিশ্বের ৮০ শতাংশ সূর্যমুখী তেলের রপ্তানিকারক দেশও রাশিয়া এবং ইউক্রেইন।
যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেইনের বন্দরগুলো বন্ধ হয়ে আছে। এদিকে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ডিলাররা রাশিয়ার গম নিতে চাইছে না। যে কারণে বায়ারদের বিকল্প যোগানের কথা ভাবতে হচ্ছে।
রাশিয়ার গম কেনা এবং বিক্রির উপর নিষেধাজ্ঞার কারণে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর গমের চাহিদা বেড়ে গেছে এবং এই চাহিদা বৃদ্ধি অব্যাহত থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, ‘‘যেহেতু হঠাৎ করেই অন্য উৎস থেকে গম কেনার চাহিদা বেড়েছে। ফেলে অভ্যন্তরীন চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য ঠিক রাখতে অনেক দেশ গম রপ্তানির উপর বিধি নিষেধ আরোপ করতে পারে।
বিশ্ববাজারের জন্য এটাও এখন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ‘‘ভবিষ্যতে দাম আরও বাড়বে আশঙ্কায় বড় বড় আমদানিকারকরা এখনই গম কিনে রাখতে চাইছেন।”
বুলগেরিয়া সরকার এরই মধ্যে তাদের গমের মজুদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এদিকে, উৎপাদকরা আশঙ্কা করছেন, রপ্তানির উপর নিষেধাজ্ঞা আসতে পারে যে কোনও সময়ে।
হাঙ্গেরি এরই মধ্যে সব ধরনের শস্য রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশে খাদ্যের দাম বাড়তে শুরু করায় তড়িৎ ব্যবস্থা হিসেবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
গম আমদানিকারক দেশগুলোর অন্যতম আলজেরিয়া মিলের গম কেনার জন্য রোববার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।
