২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মলদোভা কী পুতিনের পরবর্তী নিশানা?

ইউক্রেইনে রুশ আগ্রাসনের একাদশতম দিন চলছে। যত দিন গড়াচ্ছে রাশিয়ার আক্রমণ তত তীব্র হচ্ছে। পতন ঘটছে বা ঘটার মুখে ইউক্রেইনের একের পর এক নগরী। যুদ্ধ পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, তাতে নতুন এক শঙ্কা জেগেছে। সেটা হচ্ছে, তবে কী পুতিনের পরবর্তী শিকার হতে চলেছে মলদোভা?

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 12:01 AM

Updated : 28 Apr 2022, 11:48 PM

ছো‌ট্ট মলদোভার শাসনভার দুই নারীর হাতে। প্রধানমন্ত্রী নাতালিয়া গ্যাভ্রিলিতা এবং প্রেসিডেন্ট মাইয়া সানডু। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মলদোভা সফরে গিয়ে দেশটির প্রেসিডন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ব্লিংকেন যুক্তরাষ্ট্রের তৃতীয় পররাষ্ট্রমন্ত্রী যিনি মলদোভা সফর করলেন। ইউরোপের সবচেয়ে গরিব এবং ছোট দেশগুলোর অন্যতম মলদোভা।

বিবিসি জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সেখানে রাশিয়ার বিরুদ্ধে একজোট থাকার কথা বলেছেন। কিন্তু মলদোভার জনগণ তাদের নিরাপত্তার নিশ্চয়তা চায়।

ইউক্রেইনে ‍রাশিয়ার আগ্রাসনের কয়েকদিনের মাথায় মলদোভা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য পদ চেয়ে আবেদন করেছে।

গত সপ্তাহে করা ওই আবেদনের পেছনেও মূলকারণ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা। যদিও মলদোভার জন্য রাশিয়ার সম্ভাব্য হুমকি হয়ে ওঠার শক্ত কোনও প্রমাণ এখন পর্যন্ত নেই।

তবে এর মধ্যেও কথা রয়েছে। ১৯৯০ সালে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা মলদোভা থেকে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলটি বিচ্ছিন্ন করে নিজেদের স্বাধীন দেশ বলে ঘোষণা করে।

মলদোভার রাজধানী থেকে ১২৮ কিলোমিটার পূর্বে ইউক্রেইন সীমান্তে ট্রান্সনিস্ট্রিয়ার অবস্থান। সেখানে এখনও রাশিয়ার একটি সেনাঘাঁটি রয়েছে, যেখানে প্রায় দেড় হাজার রুশ সেনা মোতায়েন আছে।

ট্রান্সনিস্ট্রিয়া নিয়ে সংঘাত সেই ১৯৯২ সাল থেকে বন্ধ আছে। তবে ইউক্রেইনে রাশিয়ার চলমান আগ্রাসন লড়াইয়ের সেই পুরোনো যন্ত্রণাদায়ক স্মৃতি ফিরিয়ে এনেছে। আর ইউরোপের কোনো কোনো দেশ মলদোভাকে সমর্থন দিলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিপ্রায় নিয়ে বিশ্বে উদ্বেগ আছে।

মলদোভার সাবেক আইনমন্ত্রী অ্যালেক্সান্দ্রু তানাসে এক ফেইসবুক পোস্টে বলেছেন, “ইউক্রেইনের পতন হলে রাশিয়া চট করেই মলদোভা নিয়ে ছক কষে ফেলবে।” তাছাড়া, “ক্রেমলিনে পুতুল সরকারের জন্য একটি তালিকা আছে”- এমনটি বিশ্বাস করেন বলেও জানান তিনি।

গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ওয়াচডগ’-এর এক বিশ্লেষক বলেছেন, মলদোভা জানে নেটো সদস্য হলে যে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যেত সেটা তারা পাবে না। তাই রাশিয়ার পরবর্তী নিশানা মলদোভা হবে কিনা সেটি নির্ভর করছে মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপর।

বিশেষ করে, ইউক্রেইনের ওডেসা অঞ্চল রাশিয়া দখল করে নিলে মলদোভা দৃশ্যপটে চলে আসবে। দেশটি এরই মধ্যে মস্কো থেকে নানাভাবে আগ্রাসী আচরণের শিকার হয়েছে। মলদোভা ইইউ’র দিকে ঝুঁকে পড়ার শাস্তি হিসাবে রাশিয়া সেখানে গ্যাস সরবরাহ কমানোর মতো কিছু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে।

তবে মলদোভার লোকজনদের মনে বর্তমানে যে শঙ্কা দেখা দিয়েছে, তার আরেকটি ভিন্ন কারণ আছে। সম্প্রতি পুতিনপন্থি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো যুদ্ধক্ষেত্রের একটি ম্যাপের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই ম্যাপে মলদোভাকেও যুদ্ধক্ষেত্রের মধ্যে দেখা গেছে।

তাই মলদোভা এখন নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা চায়। এ বিষয়ে প্রশ্ন করা হলে ব্লিংকেন বলেন, ‘‘(ইউক্রেইন যুদ্ধে) বিশ্ব কীভাবে সাড়া দিয়েছে তা আপনারা দেখেছেন। আমরা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছি।

যখনই এবং যেখানেই আগ্রাসন শুরু হবে, আমরা ঠিক এই কাজটাই করব।”

ইউক্রেইনের অনেক শরণার্থী মলদোভাতে আশ্রয় নিয়েছেন। গরিব দেশটির জন্য ওই শরণার্থীরা যেন বোঝা না হয়, তাই মলদোভাকে আর্থিক সহায়তা করতে তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে বলেও জানান ব্লিংকেন।

বিবিসি জানায়, এখন পর্যন্ত ইউক্রেইনের দুই লাখ ১১ হাজার ৩৩ শরণার্থী মলদোভায় আশ্রয় নিয়েছে। দেশটির আয়তন অনুযায়ী, প্রতি বর্গকিলোমিটারের হিসাবে মলদোভাই সবচেয়ে বেশি ইউক্রইনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে।