২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনকে রুখতে ছয় দফা পরিকল্পনা জনসনের

ইউক্রেইনে রাশিয়ার ‘ভয়াবহ’ আগ্রাসন ব্যর্থ করতে বিশ্বনেতাদের নতুন করে জোরাল চেষ্টা চালানো উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 07:43 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

নিউ ইয়র্ক টাইমসে এক কলামে প্রধানমন্ত্রী জনসন লেখেন, ‘‘ভবিষ্যতের ইতিহাসবিদরা নন বরং ইউক্রেইনের জনগণ আমাদের বিচার করবেন।”

রাশিয়াকে রুখতে তিনি ছয় দফা পরিকল্পনার কথাও বলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নেটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত আরও শক্তিশালী করা।

রাশিয়াকে রুখতে জনসন নানা পরিকল্পনার কথা বলছেন বটে। কিন্তু ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে তার আরও দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ছিল বলে তিনি সমালোচিতও হচ্ছেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রইন যুদ্ধে নিজেদের ভূমিকা কী হবে তা নিয়ে বিশ্বনেতারা আগামী সোমবার ও মঙ্গলবার বৈঠক করতে যাচ্ছেন বল জানায় বিবিসি।

এই বৈঠককে সামনে রেখে জনসন বলেন, ‘‘পুতিন অবশ্যই ব্যর্থ হবেন এবং এই আগ্রাসনের জন্য তাকে ‍অবশ্যই ব্যর্থতার মুখ দেখতে হবে।”

পুতিনকে রুখতে জনসন যে ছয় দফা পরিকল্পনা প্রস্তাব করেছেন সেগুলো হল:

#বিশ্বনেতাদের উচিত ইউক্রেইনের জন্য একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ সচল করা।

#বিশ্বনেতাদের উচিত ইউক্রেইন আত্মরক্ষার জন্য যে লড়াই চালাচ্ছে, তাতে সমর্থন দেওয়া।

#রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে।

#ইউক্রেইনে আগ্রাসনকে রাশিয়া যেভাবে স্বাভাবিক করে তুলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তা প্রতিরোধ করতে হবে।

# যুদ্ধের কূটনৈতিক সমাধানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তবে সেক্ষেত্রে ইউক্রেইনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে।

# নেটোভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদারের কাজ দ্রুত শুরু করা উচিত।

বিবিসি জানায়, সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী জনসন। ওই বৈঠকে তিনি ছয়দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া, আগামী মঙ্গলবার বরিস জনসন ইউরোপের চার দেশের জোট ভি-ফোর গ্রুপের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারা অংশ নেবেন। ওই বৈঠককে সামনে রেখেই এসব পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন বরিস।

ইউক্রেইনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর তীব্র হামলা চলছে এবং দিন দিন হামলার তীব্রতা বাড়ছে।

রাশিয়ার সর্বাত্মক এ হামলার মুখে ইউক্রেইনে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তার ওই অনুরোধে এখনো কেউ সাড়া দেয়নি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও দেশ ইউক্রেইনে নো ফ্লাই জোন ঘোষণা করলে ধরে নেওয়া হবে, তারা ইউক্রেইন যুদ্ধে যোগ দিয়েছে। পশ্চিমাবিশ্ব বলছে, ইউক্রেইনে নো ফ্লাই জোন ঘোষণা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের সামিল হবে। এতে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।

পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা আশঙ্কা করছেন, রুশ সেনারা এখন ইউক্রেইনের জনবহুল এলাকাগুলোতে হামলা জোরদার করবে। এদিকে জীবন বাঁচাতে ইউক্রেন থেকে ১৩ লাখের বেশি মানুষ প্রতিবেশী নানা দেশে পাড়ি জমিয়েছে। জাতিসংঘ বলছে, ইউক্রেইনের শরণার্থী পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।