২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ৫৫৯ জনের বেশি যুদ্ধবিরোধী বিক্ষোভকারী গ্রেপ্তার

রাশিয়ার ২১টি শহরে কেবল রোববার একদিনেই ইউক্রেইনে আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নামা ৫৫৯ জনের বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Mar 2022, 06:43 PM

Updated : 28 Apr 2022, 11:47 PM

রাশিয়ার স্বাধীন একটি বিক্ষোভ পর্যবেক্ষণ গ্রুপ ওভিডি-ইনফো এ তথ্য জানিয়েছে।

তারা বলছে,রাশিয়ার বন্দরনগরী  ভ্লাদিভস্তক এবং সাইবেরিয়ার ইরকুৎস্ক শহরসহ অন্যান্য শহরের বিক্ষোভ থেকে ওই যুদ্ধবিরোধীদেরকে আটক করা হয়েছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় শনিবার সতর্ক করে বলেছিল,অনুমতি ছাড়া বিক্ষোভের চেষ্টা করলে তাতে বাধা দেওয়া হবে এবং আয়োজকরা দায়ী থাকবে।

এই হুঁশিয়ারির পরও স্যোশাল মিডিয়ায় এক পোস্টে দেখা যায়, পূর্বঞ্চলীয় কাবারোভস্ক নগরীর একটি চত্বরে এক বিক্ষোভকারী ‘যুদ্ধ নয়’ বলে স্লোগান দিচ্ছে। ওদিকে, পুলিশ লাউডস্পিকারে বিক্ষোভের অনুমতি না থাকার কথা বলে লোকজনকে সরে যেতে বলছে। তবে রয়টার্স পোস্টটির সত্যতা যাচাই করতে পারেনি।

রাশিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের নিয়মিতই গণগ্রেপ্তার করা হচ্ছে। ওভিডি-ইনফো পর্যবেক্ষণ গ্রুপ বলছে, ১১ দিন আগে ইউক্রেইনে যুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত রাশিয়ায় ৮ হাজারের বেশি যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারী গ্রেপ্তার হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি ইউক্রেইনে আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়াজুড়ে বিভিন্ন নগরীতে এবং বিশ্বজুড়ে রাশিয়ানদের ৬ মার্চ রোববার বিক্ষোভে নামার ডাক দিয়েছিলেন।

তার এই ডাকে সাড়া দিয়ে কাজাখস্তানের আলমাতি শহরে প্রায় ২ হাজার মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে, এমনটিই দেখা গেছে স্যোশাল মিডিয়া পোস্টে। তারা ইউক্রেইনের পতাকা হাতে যুদ্ধ এবং পুতিন বিরোধী স্লোগান দেয়।