আটক রুশ সেনাকে ইউক্রেইনীয়দের কেক-চা দেওয়ার ভিডিও ভাইরাল
আটক এক রুশ সেনাকে খাবার ও চা দিচ্ছেন এক দল ইউক্রেইনীয়। এমনকি মোবাইলে ভিডিও কলে ওই সেনার মায়ের সঙ্গে কথাও বলিয়ে দিচ্ছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, ওই রুশ সেনা বা-হাতে চায়ের একটি কাপ ধরে তাতে মাঝে মাঝে চুমুক দিচ্ছেন এবং ডান হাতে একটি প্যানকেক খাচ্ছেন। তার চোখ অশ্রুসিক্ত।
একজন নারী তার সামনে একটি ফোন ধরে আছেন। ওই নারী নাতাশা নামে কারো সঙ্গে কথা বলেন এবং রুশ সেনা ফোনের দিকে তাকিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন, তিনি কথা বলতে পারছিলেন না এবং ফোনের দিকে চুমু ছুড়ে দেন। তখন ফোন হাতে নারী তাকে গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিলেন। পাশে আরেকটি কেক হাতে আরেকজন দাঁড়িয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বাধীনভাবে এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে বলে জানান বাজফিড এর সাংবাদিক ক্রিস্টোফার মিলার। তিনি নিজেও তার টুইটার একাউন্টে ওই ভিডিও শেয়ার করে লেখেন,
‘‘উল্লেখযোগ্য এই ভিডিওটি টেলিগ্রামে ছড়িয়ে পড়েছে। ইউক্রেইনীয়রা ধরা পড়া একজন রুশ সেনাকে খাবার ও চা দিয়েছেন এবং তার মাকে ফোন করে বলতে বলেছেন, তিনি (ওই রুশ সেনা) ঠিক আছেন। তিনি (রুশ সেনা) কান্নায় ভেঙে পড়েন। পুতিনের বর্বরতার সঙ্গে এখানে সমবেদনার তুলনা দেখানো হয়েছে।”
পোস্টের নিচে একজন মন্তব্য করেন, ‘‘সমবেদনা, রাশিয়ার সর্বোচ্চ নেতার কঠিন ঠান্ডা হৃদয় গলানোর উপায় গরম চা আর বাড়িতে তৈরি কেক।”
