ইউক্রেইনে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা কেন করল না নেটো?
যুদ্ধ শুরুর পর ইউক্রেইনকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করতে নেটোর কাছে আহ্বান জানিয়ে আসছিল দেশটি, কিন্তু জোটটি তা না করায় ব্যাপক চটেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেইনকে বরাবরই সমর্থন দিয়ে আসলেও কেন এ প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে নেটো, তা বিশ্লেষণ করে সিএনএন বলেছে,রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানো এড়াতেই যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটটির এই সিদ্ধান্ত।
নেটোতে যোগ দিতে ইউক্রেইনের উদগ্রিব হওয়ার প্রতিক্রিয়ায় গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সরাসরি সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
আর এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বড় ধরনের যুদ্ধ ফেরালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ আক্রমণের মুখে ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি নেটোকে তার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে আহ্বান জানিয়েছিলেন। নেটোকে বলেছিলেন ইউক্রেইনকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করতে।
পোল্যান্ডে মোতায়েন নেটো সেনা। ছবি: রয়টার্স
‘নো ফ্লাই জোন’ কী?
‘নো ফ্লাই জোন’ ঘোষণা করে কোনো নির্দিষ্ট এলাকায় যে কোনো উড়োজাহাজ ওড়া বন্ধ করা যায়।
ইউক্রেইনে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার মানে দাঁড়াবে, সেখানে রাশিয়ার উড়োজাহাজ উড়তে পারবে না। অর্থাৎ রাশিয়া বিমান হামলা চালাতে গেলেও তাদের প্রতিরোধের মুখে পড়তে হবে।
নেটোভুক্ত দেশ নয়, এমন এলাকায় আগেও ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বধীন জোট নেটো। যেমন লিবিয়া ও বসনিয়া।
তবে এই ধরনের পদক্ষেপ বরাবরই বিতর্কের মুখে পড়ে। কেননা, এই পদক্ষেপ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার মতোই।
নেটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। ছবি: রয়টার্স
নেটো ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে কী হবে?
‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে তা কার্যকর করতে হয় সামরিক শক্তি দিয়ে, সমস্যাটা এখানেই।
এখন যদি রাশিয়া ‘নো ফ্লাই জোনে’ ঢুকে পড়ে, তাহলে নেটোকেও তা ঠেকাতে পদক্ষেপ নিতে হবে। এমন ক্ষেত্রে বিমান ভূপাতিত করার দিকে যেতে হবে নেটোকে।
আর সেটা যদি ঘটে, তাহলে রাশিয়ার দিক থেকে নেটোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার দাবি তোলা হবে, তাতে সংঘাত আরও বিস্তৃত হবে।
রুশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেইনের ভবন। ছবি: রয়টার্স
নেটো কেন করছে না?
যুদ্ধরত রাশিয়া কিংবা ইউক্রেইন দুই দেশের একটিও নেটোর সদস্য নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেটোকে তার জন্য হুমকি মনে করছেন। শুধু তাই নয়, ইউক্রেইনে আগ্রাসনের সমর্থনে তিনি নেটোর সম্প্রসারণকে ঢাল হিসেবে দাঁড় করিয়েছেন।
ফলে এই পরিস্থিতিতে নেটো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার দায় নিতে একেবারেই চাইছে না। যেখানে যুদ্ধ করতে হবে পরমাণু বোমা আছে, এমন আরেকটি দেশের বিরুদ্ধে।
তাই এখন বাইরে থেকে ইউক্রেইনের প্রতিরোধ যুদ্ধকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়ার অভিযানের নিন্দা জানাচ্ছে। দৃশ্যত পারমাণবিক অস্ত্র ব্যবহারে ঝুঁকি তৈরি করবে, এমন যুদ্ধের পথ খুলতে চায় না নেটো।
নেটোর অনীহা, ইউক্রেইনের ক্ষোভ
রুশ আগ্রাসনের মধ্যে আকাশপথের হামলা ঠেকাতেই নেটোর শুক্রবারের বৈঠকের পানে চেয়ে ছিল ইউক্রেইন। কিন্তু তাদের আশা পূরণ হয়নি।
ব্রাসেলসে বৈঠক শেষে ৩০ দেশের জোট নেটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেইনে ‘নো-ফ্লাই জোন’ আরোপে একমত নয় জোটের সদস্যরা।
“ইউক্রেইনের আকাশে নেটোর প্লেন পরিচালনা না করা এবং দেশটিতে নেটোর সৈন্য না পাঠানোর বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি।”
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এতে ক্ষুব্ধ হয়ে জেলেনস্কি নেটোর শীর্ষ সম্মেলনকে ‘দুর্বল’, ‘বিভ্রান্ত’ সম্মেলন আখ্যায়িত করে বলেন, “নেটো ভেবেচিন্তে ইউক্রেইনের আকাশ বন্ধ না করার সিদ্ধান্ত দিল।
“আজ থেকে যেসব মানুষ মরবে, তারা আপনাদের (নেটো) কারণে মরবে। মরবে আপনাদের দুর্বলতার কারণে, আপনাদের বিচ্ছিন্নতার কারণে।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠে সামরিক জোট নেটো। শুরুতে এর সদস্য ছিল ১২টি।
তার প্রতিক্রিয়ায় তখনকার পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ১৯৫৫ সালে গড়ে তোলে ওয়ারশ জোট। সমাজতান্ত্রিক দেশগুলো ছিল এর সদস্য।
১৯৯১ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ওয়ারশ জোট বিলুপ্ত হয়ে যায়। তবে নেটো টিকে থাকে এবং ধীরে ধীরে আরও বিস্তৃত হয়ে এখন ৩০ দেশের জোটে পরিণত।
১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের উপস্থিতিতে নেটো চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডিন আচেসন। ছবি: ব্রিটানিকা
এক সময় ওয়ারশতে ছিল, এমন দেশগুলোও এখন নেটোভুক্ত। রাশিয়ার পশ্চিম সীমান্তে তাদের এক সময়ের অংশ কিংবা মিত্র বুলগেরিয়া, রুমানিয়া, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া, চেক রিপাবলিক এখন নেটো জোটের অংশ। ওই সীমান্তে এখন শুধু বেলারুশই রয়েছে রাশিয়ার পক্ষে।
নেটোভুক্ত দেশগুলোর মধ্যে রুমানিয়া, বুলগেরিয়া, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়ায় যুক্তরাষ্ট্রের সৈন্যরাও অবস্থান নিয়ে আছে, যাকে হুমকি হিসেবে দেখছে সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পরিবর্তিত রাশিয়াও।
এখন ইউক্রেইন নেটো জোটে গেলে কৃষ্ণ সাগরে রুশ কর্তৃত্ব স্পষ্টতই হুমকির মুখে পড়বে, আর সেটা নিয়েই বারবার আপত্তি জানিয়ে আসছিলেন পুতিন।
রাশিয়ায় কেন নেটোকে বড় হুমকি মনে করে, তারও উত্তরে সিএনএন লিখেছে, সোভিয়েত ইউনিয়নের ভেঙে পড়ার ঘটনাকে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক বিপর্যয় বলে মনে করেন সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির কর্মকর্তা পুতিন।
ভ্লাদিমির পুতিনের বড় উদ্বেগ নেটার সম্প্রসারণ। ছবি: রয়টার্স
পুতিন বরাবরই পূর্ব ইউরোপে নেটোর সম্প্রসারণ এবং সামরিক তৎপরতা বন্ধের দাবি জানিয়ে আসছেন। তিনি চাইছেন, ১৯৯৭ সালের আগে নেটোর যে সীমানা ছিল সেখানে এ জোটকে ফিরতে হবে।
রাশিয়ার পশ্চিম সীমান্তে বুলগেরিয়া, রুমানিয়া, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া, চেক রিপাবলিকের মতো ১২টি দেশ ১৯৯৭ সালের পর নেটোতে যোগ দিয়েছে।
ওই সীমান্তে এখন শুধু বেলারুশই রয়েছে রাশিয়ার পক্ষে। এখন ইউক্রেইনেরও নেটোর দিকে পা বাড়ানো পুতিনের জন্য বড় উদ্বেগের বিষয়।
