ইউক্রেইনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুনে ‘কয়েকজন হতাহত’
ইউক্রেইনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রুশ গোলা হামলায় যে আগুন লেগেছিল তাতে কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফেইসবুকে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ওই কেন্দ্রের পরমাণু চুল্লিগুলো যাতে নিরাপদে কাজ করে এবং তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক থাকে সেদিকে নজর রাখছেন কর্মীরা।
তবে চুল্লির ভেতরকার পরমাণু জ্বালানি শীতল রাখার পক্রিয়া যদি ব্যাহত হয়, তাহলে ব্যাপক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে বিবিসি।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে হাজার হাজার মানুষ থাকেন, রুশ সেনাদের গোলাবর্ষণের কারণে যারা অন্য কোথাও সরে যেতে পারছেন না, তারা এই তেজস্ক্রিয়তার ক্ষতির শিকার হবেন।“
ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কির সতর্কবার্তার সঙ্গে সুর মিলিয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ও বলেছে, জেপোরোজিয়ায় পারমাণবিক বিপর্যয় ঘটলে তা চেরনোবিল কিংবা জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের চেয়েও বেশি ভয়াবহ হবে।
বিবৃতিতে বলা হয়, “রাশিয়া জেনেশুনেই ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের এই কর্মকাণ্ডে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গেকার সব চুক্তিই লঙ্ঘিত হয়েছে।”
রাশিয়ার সেনাদেরকে পারমাণবিক কেন্দ্রটি থেকে সরিয়ে নিয়ে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ইউক্রেইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
