পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৫৬
পাকিস্তানের পেশোয়ারে একটি শিয়া মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। হাসপাতালের কর্মকর্তারা মৃতের এ সংখ্যা জানিয়েছেন।
লেডি রিডিং হাসপাতালের এক মুখপাত্র জানান, হামলায় আরও ১৯০ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার দায় এখনও কোনও গোষ্ঠী স্বীকার করেনি।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আইজান খান জানান, “দুই সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে করে মসজিদের কাছে পৌঁছালে তল্লাশির দায়িত্বে থাকা পুলিশ তাদেরকে থামায়। তখন তারা পুলিশের ওপর গুলি চালিয়ে মসজিদে ঢোকে।”
এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনায় বলেছেন, “আমি এক ব্যক্তিকে মসজিদে ঢোকার আগে পুলিশের ওপর গুলি চালাতে দেখেছি। এর কয়েক সেকেন্ড পরই একটি বড় বিস্ফোরণের শব্দ শুনি।”
“বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালা উড়ে যায়। স্থানীয় মানুষজন তাদের গাড়িতে কিংবা মোটরসাইকেলে করে হতাহতদের নিয়ে যেতে সাহায্য করছিল।”
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান বলেন, “আমরা হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছি।”
