২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনকে মুখোমুখি বৈঠকের আহ্বান জেলেনস্কির

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ‘ইউক্রেইন যুদ্ধ থামানোর সেটাই একমাত্র পথ’ বলে মনে করেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 01:26 AM

Updated : 28 Apr 2022, 11:47 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘‘আমরা রাশিয়ায় হামলা করছি না এবং আমরা সেখানে হামলার কোনও পরিকল্পনাও করিনি। আপনি আমাদের থেকে কী চান? আমাদের ভূমি ছাড়ুন।”

‘‘আমার সঙ্গে বসুন। (ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর) সঙ্গে বৈঠকের মতো ৩০ মিটার দূর থেকে নয়।”

রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরুর আগে পুতিনকে থামাতে মস্কো সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। কোভিড-১৯ মহামারীর কারণে দুই নেতা ৩০ মিটার লম্বা একটি টেবিলের দুই মাথায় বসে আলোচনা করেন।

পুতিনকে মুখোমুখি বৈঠকের আহ্বান জানানোর পাশপাশি সম্মেলনে নেটোর কাছে যুদ্ধবিমান চেয়েছেন জেলেনস্কি।

বলেছেন, “আপনাদের যদি আকাশ বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দিন।”

“যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন – এর পর লাটভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।’’

উপরের তিন দেশই নেটো প্রতিরক্ষা জোটের অংশ। তাই রাশিয়া যদি ওই দেশগুলোর কোনোটিতে আক্রমণ করে তবে তার অর্থ হবে নেটোভুক্ত সব দেশে আক্রমণ।