২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে বিদ্যুৎ বিভ্রাট, ৫০ লাখ মানুষ বিদ্যুৎহীন

তাইওয়ানে একটি বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার খবর আসার পর রাজধানী তাইপেসহ প্রধান প্রধান শহরগুলোতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে প্রায় ৫০ লাখ মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 07:39 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

তাইওয়ানের অর্থনীতি বিষয়ক মন্ত্রী ওয়াং মেইহুয়া বলেছেন, রাষ্ট্রীয় সেন্ট্রাল নিউজ এজেন্সির খবর অনুযায়ী, দক্ষিণ তাইওয়ানে একটি বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটেছে।

এতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ৫০ লাখ মানুষের বিদ্যুৎহীন হয়ে পড়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় বিষয়টি জরুরি ভিত্তিতে সামাল দেবে।

রাষ্ট্রপরিচালিত অপারেটর তাইপাওয়ার বলেছে, দক্ষিণাঞ্চলীয় কাউসিয়ুং নগরীর জিংডা বিদ্যুৎকেন্দ্রের ট্রান্সফরমারে ওই দুর্ঘটনা ঘটেছে।

বিদ্যুতের ব্যাকআপ সক্রিয় করে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ওয়াং এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য জনগণের কাছে ক্ষমা চান।

তিনি দ্বীপের উত্তর অংশে মানুষের দুপুরের মধ্যে বিদ্যুৎ পাওয়া এবং দক্ষিণঅংশেও মধ্য দুপুর থেকে বিদ্যুৎ পাওয়ার আশ্বাস দেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের ভিডিও চ্যাটে সাক্ষাৎ করার কথা ছিল সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেই বৈঠক আপাতত বাতিল হয়েছে।

তাইওয়ান মাঝে মাঝে বড় বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়। ২০১৭ সালেও দ্বীপদেশটিতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে ৬৬ লাখ ৮০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল।