রাশিয়াকে ‘অলিম্পিক শেষের আগে যুদ্ধ শুরু না করতে’ বলেছিল চীন
বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকস শেষ হওয়ার আগে রাশিয়া যেন ইউক্রেইনে আক্রমণ না করে, সেজন্য ফেব্রুয়ারির শুরুর দিকেই চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন বলে পশ্চিমা এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউরোপের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে গত সপ্তাহে ইউক্রেইনে আক্রমণ শুরু হওয়ার বেশ আগে থেকেই রাশিয়ার যুদ্ধ পরিকল্পনা বা উদ্দেশ্যের কথা জানতেন, গোয়েন্দা প্রতিবেদনটিতে সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে।
শীতকালীন অলিম্পিকসের উদ্বোধনের আগে গত মাসের ৪ তারিখে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়েছিল। তখন বেইজিং ও মস্কো ৫ হাজার শব্দের এক বিবৃতিতে দুই দেশের অংশীদারিত্বের ‘কোনো সীমারেখা নেই’ জানানোর পাশাপাশি নেটোর সম্প্রসারণের নিন্দা জানিয়ে সত্যিকারের ‘গণতন্ত্রের’ ওপর ভিত্তি করে নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় জোর দিয়েছিল।
চীন ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আলোচনার বিষয়টি গোপনই ছিল। পশ্চিমা এক গোয়েন্দা সংস্থা এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করার পর কর্মকর্তারা তা যাচাই করে বিশ্বাসযোগ্য মনে করেন। পুতিন কখন ইউক্রেইনে হামলা চালাতে পারেন, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর সরকারের আলোচনার সময় সেই তথ্য সবাইকে পাঠানো হয়।
তবে এ সংক্রান্ত তথ্য নিয়ে আলাদা আলাদা গোয়েন্দা সংস্থার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ছিল; প্রাপ্ত গোয়েন্দা তথ্য কতটা বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল তাও স্পষ্ট নয়।
এই গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশিল্লষ্ট এক কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার মধ্যে ইউক্রেইনে হামলার ব্যাপারে যে কথোপকথন হয়েছিল, তা যে শি ও পুতিনের স্তরেই হয়েছে, ওই গোয়েন্দা তথ্যে তার স্পষ্ট ইঙ্গিত নেই।
এ গোয়েন্দা তথ্য সস্পর্কে অবগত অন্য কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি। বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় গোয়েন্দা প্রতিবেদন নিয়ে কথা বলা কর্মকর্তারা তাদের নাম প্রকাশ না করারও শর্ত দেন।
চীনা কর্মকর্তারা অলিম্পিকস শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেইনে হামলায় অপেক্ষা করতে রুশ কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন কিনা বুধবার ইমেইলে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওয়াশিংটনে চীন দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিন বলেন, “এসব দাবি করা হচ্ছে ভিত্তি নেই এমন অনুমানের ওপর; এর উদ্দেশ্য হচ্ছে দোষ চীনের দিকে চাপানো ও দাগ লাগানো।”
২০ ফেব্রুয়ারি অলিম্পিকসের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে চীন। তার পরদিনই রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত পুতিন ও তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে একটি বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ইউক্রেইনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকায় সেনা পাঠানোর নির্দেশ দেন। পৃথক এক বক্তৃতায় তিনি ইউক্রেইনের ‘রাশিয়ার একটি অংশ হওয়া উচিত’ বলে মন্তব্যও করেন।
এরপর ২৪ ফেব্রুয়ারি ভোরের দিকে রাশিয়ার সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কামান ও ট্যাংক নিয়ে ইউক্রেইনে সর্বাত্মক আক্রমণে নামে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা বলছেন, অলিম্পিক শেষ হওয়ার আগে পুতিন আক্রমণ শুরু করেননি, এটি কাকতালীয়, তা বিশ্বাস করাটা কষ্টকর।
২০০৮ সালের অগাস্টে রাশিয়া যখন জর্জিয়ায় আক্রমণ করেছিল তখন বেইজিংয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক চলছে; ওই ঘটনা চীনা কর্মকর্তাদের মর্মাহত করেছিল।
এবার পুরো শীতকালজুড়েই রাশিয়া চীন সীমান্ত ও পূর্বাঞ্চলের অন্যান্য অংশ থেকে সেনা সরিয়ে ইউক্রেইন ও বেলারুশ সীমান্তে এনে জড়ো করেছিল; রাশিয়া ও চীনের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের আস্থা বিদ্যমান এ থেকে তার ইঙ্গিত মেলে।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও চীন নিজেদের মধ্যে অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদার করেছে। অলিম্পিকসের উদ্বোধনের আগে বেইজিংয়ে বসার আগেও শি ও পুতিনের মধ্যে দুই দেশের শীর্ষনেতা হিসেবে ৩৭ বার সাক্ষাৎ হয়েছে।
তবে সর্বশেষ বৈঠকের সময় যে উচ্চাকাঙ্ক্ষী যৌথ বিবৃতি এসেছে তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের উদ্বেগ বাড়িয়ে দেয়; ওই বিবৃতিতেই চীন প্রথমবার নেটো ও ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাশিয়ার মতো করেই উদ্বেগ জানায়।
ইউরোপের নেতারা গত কয়েক সপ্তাহ ধরে চীন ও রাশিয়ার নিন্দাও করে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির সদস্য আইনপ্রণেতা মাইক গ্যালাহার বলেছেন, রাশিয়া ও চীনের মধ্যে ইউক্রেইন নিয়ে আলোচনা বিষয়ক গোয়েন্দা তথ্যের বিষয়টি তিনি জানতেন না, তবে বেইজিংয়ের সমর্থন যে এখন মস্কোর দিকেই তা পরিষ্কার।
“রাশিয়াকে পশ্চিমারা উসকাচ্ছে- পুতিনের এই ভাষ্যে চীনের পূর্ণ সমর্থন আছে। চীনের ওই দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন দেখছি না আমি। তারা এ বিষয়ে পশ্চিমের বিরুদ্ধে একটা ‘ডি ফ্যাক্টো’ জোটে আছে,” বলেছেন তিনি।
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তাই ইউক্রেইনে যুদ্ধ এড়ানোর উদ্যোগে চীনকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিলেন।
গত বছরের ১৫ নভেম্বর এক ভিডিও সম্মেলনে বাইডেন শির সঙ্গে কথা বলার পর ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ইউক্রেইনের আশপাশে রাশিয়ার সৈন্য সমাবেশ সংক্রান্ত গোয়েন্দা তথ্য চীনের কর্মকর্তাদের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নেন, যেন তারা পুতিনকে যুদ্ধ পরিকল্পনা থেকে সরিয়ে আনার চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ নিয়ে ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত কিন গ্যাং, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-সহ অন্যদের সঙ্গে কথা বলেন। কিন্তু বেশ কয়েকদফার বৈঠকেই চীনের কর্মকর্তারা পুতিন আদৌ ইউক্রেইনে হামলা চালাবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
সেসব বৈঠকের একটি রুশ হামলা শুরুর কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটনেও হয়েছিল, যেখানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে খোদ চীনের রাষ্ট্রদূতও ছিলেন।
এর মধ্যে ডিসেম্বরে একদফা কূটনৈতিক আলোচনার পর মার্কিন কর্মকর্তাদের কাছে আসা গোয়েন্দা তথ্যে জানা যায়, তাদের আলোচনার বিষয়টি বেইজিং মস্কোকে জানিয়েছে এবং বলেছে, যুক্তরাষ্ট্র বিভক্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তবে চীন রাশিয়ার পরিকল্পনায় বাধা দেওয়ার চেষ্টা করবে না, জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
রাশিয়া যে ইউক্রেইনে হামলা চালানোর পরিকল্পনা করছে, এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা অনুসন্ধান ও মূল্যায়ন শেষ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে। কয়েক মাস আগে থেকেই তারা এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য মূলত মিত্র ও অংশীদার দেশগুলোকে দেওয়া শুরু করে। গোপন কিছু তথ্যও জনসমক্ষে আনা শুরু করে, যেন রাশিয়া কোনো আক্রমণের পরিকল্পনা করলেও তা বাদ দিতে চাপ সৃষ্টি করা যায়।
সিআইএ-র পরিচালক উইলিয়াম বার্নস গত বছরের ২ নভেম্বর তাদের হাতে আসা গোয়েন্দা তথ্য নিয়ে মুখোমুখি কথা বলতে মস্কো উড়ে যান। পরে ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা তাদের পর্যালোচনা ও তথ্য নেটো দেশগুলোর সঙ্গে শেয়ার করেন।
ব্রিটিশ কর্মকর্তাদের সেসময়কার মূল্যায়ন ছিল অলিম্পিকসের আগে পুতিনের হামলার সম্ভাবনা থাকলেও তেমনটা মনে হয় হবে না, জানান লন্ডনের প্রাপ্ত গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একাধিক কর্মকর্তা।
এই মূল্যায়নের খানিকটা ছিল পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে; পশ্চিমারা কোনো নিষেধাজ্ঞা দিলে সেখান থেকে বেরিয়ে আসতে চীনের সমর্থন ব্যাপকভাবে দরকার এবং পুতিন শি’কে রাগানোর ঝুঁকি নেবেন না এমন ধারণা থেকে করা বিশ্লেষণাত্মক পর্যালোচনার ওপরই মূলত তাদের মূল্যায়নটি দাঁড়িয়েছিল।
পুতিন ও শি যে যৌথ বিবৃতি দিয়েছিলেন, সেখানে চীনের সমর্থনের স্পষ্ট সংকেত আছে বলেও ধরতে পেরেছিলেন ব্রিটিশ কর্মকর্তারা; পুতিন যদি অলিম্পিকস শেষ হওয়ার আগেই তার আক্রমণ শুরু করতেন এবং চীনের আয়োজন ঢাকা পড়ে যেত, তাহলে হয়তো শি এই ধরনের বিবৃতি দিতেন না বলেও ধারণা করা হয়, বলেছেন ব্রিটিশ মূল্যায়ন সম্বন্ধে অবগতরা।
মস্কো ১০ ফেব্রুয়ারির দিকেই তাৎক্ষণিক হামলা চালাতে সক্ষম এ ধরনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া শুরু করে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের পর্যবেক্ষণে ধরা পড়ে।
ঊর্ধ্বতন রুশ কমান্ডারদের একটি বৈঠকে জড়ো করা হয়েছে বলে ওয়াশিংটনের মিত্র গোয়েন্দা সংস্থাগুলো জানতে পারে, হামলা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিতেই সেখানে সামরিক কমান্ডাররা একত্রিত হয়েছিলেন বলে ধারণা পশ্চিমা অনেক দেশের সরকারের।
১১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান যে ‘অলিম্পিক শেষ হওয়ার আগেই রাশিয়া হামলা চালাতে পারে’ বলে সতর্ক করেছিলেন, তাতে ওই গোয়েন্দা তথ্যেরও ভূমিকা ছিল।
রাশিয়া ১৬ ফেব্রুয়ারিকে তাদের সামরিক অভিযান শুরুর সম্ভাব্য দিনক্ষণ হিসেবে বিবেচনা করছে, যুক্তরাষ্ট্র এমন গোয়েন্দা তথ্য পেয়েছে বলে বেশ কয়েকজন কর্মকর্তা সেসময় বলেছিলেন।
তাদের দেওয়া ওই তারিখেরও বেশ কয়েকদিন পর মস্কো ইউক্রেইন অভিযান শুরু করে।
অলিম্পিকসের সময় শান্তি বজায় রাখতে চীনের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে রাশিয়া ইউক্রেইন অভিযানে নামতে পারে, এমন ধারণার পেছনে গোয়েন্দা সংস্থাগুলো বেশ কিছু বিষয়কে বিবেচনায় নিয়েছিল।
পুতিনের সঙ্গে শি’র সম্পর্কের গুরুত্ব থাকলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভেবেছিলেন, সৈন্যদের প্রস্তুত রাখার পর তাদের মনোসংযোগে ভাটা পড়ার আগেই রাশিয়া দ্রুত তাদের সামরিক অভিযান শুরু করতে পারে, অন্য কোনো নেতার প্রতি শ্রদ্ধাশীল পুতিন এমনটা দেখাতে চান না বলেও মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন ছিল।
বেলারুশে সামরিক মহড়ার সময় দেখা দেওয়া রসদ সংকট পরে মিটে গিয়েছিল, এতে তাদের আক্রমণ চালাতে সুবিধা হবে বলে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের মূল্যায়নও ভুল প্রমাণিত হয়েছে। ইউক্রেইনে হামলা শুরুর পরও ওই রসদ সংকট রুশ বাহিনীকে ভোগাচ্ছে।
