ইউক্রেইন যুদ্ধ: পুতিনের উপর চাপ বাড়াচ্ছে কী রুশ সেনাদের মৃত্যু?
রাশিয়া ২০১৪ সালে যখন ক্রিমিয়া দখল করে, এক মাসের সেই অভিযানে চারশ’র মত রুশ সেনা নিহত হয়েছিলেন। এবার ইউক্রেইন আগ্রাসনে প্রায় প্রতিদিনই সেই সংখ্যায় রুশ সেনা নিহত হচ্ছে বলে দাবি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের।
যদিও রাশিয়া এখন পর্যন্ত দাবি করে যাচ্ছে, তারা পূর্ব ইউক্রেইনে সীমিত আকারে সামরিক অভিযান চালাচ্ছে, যার মূল্য লক্ষ্য বিচ্ছিন্নতাবাদী ওই অঞ্চলে শান্তিরক্ষা।
গত বৃহস্পতিবার থেকে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধে এখন পর্যন্ত কতজন রুশ সেনা প্রাণ হারিয়েছেন তার প্রকৃত হিসাব কারও কাছেই নেই।
রুশ বাহিনী ইউক্রেইনের রাজধানী কিয়েভ দখলে জোর চেষ্টা চালাচ্ছে। সেদিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহর। পরিস্থিতি যা তাতে এ যুদ্ধের কি ভবিষ্যত তা কেউ অনুমান করতে পারছে না।
পেন্টাগন থেকে মঙ্গলবার দাবি করা হয়, রুশ বাহিনীর কয়েকটি ইউনিট ইউক্রেইনে আর যুদ্ধ করতে চাইছে না, তারা অস্ত্র নামিয়ে রাখছে। এদিকে ইউক্রেইনের বড় বড় নগরীগুলোতে রুশ বাহিনীকে কঠোর প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।
রাশিয়া ইউক্রেইনের যেসব নগরীতে প্রচণ্ড আক্রমণ করছে তার একটি রুশ সীমান্তবর্তী খারকিভ। এটি ইউক্রেইনের দ্বিতীয় বৃহৎ নগরী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন, বুধবারই হয়তো খারকিভের পতন হবে।
রাশিয়া খারকিভে ভয়াবহ রকেট হামলা চালাচ্ছে। ইউক্রেইনের সেনারাও প্রাণপণে লড়ে তার জবাব দিচ্ছে। খারকিভ যুদ্ধে রাশিয়ার অনেক সেনা হতাহত হচ্ছেন।
নিহত সেনাদের মৃতদেহ পেছনে ফেলেই রুশ বাহিনী খারকিভে অগ্রসর হচ্ছে বলেও শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে রুশ বাহিনীর পুড়ে যাওয়া ট্যাংক ও সাঁজোয়া যান দেখা যাচ্ছে, আশেপাশে মৃত বা আহত সেনারা পড়ে আছেন।
ইউক্রেইনের আগ্রাসনের চতুর্থ দিন রোববার রাশিয়া প্রথমবারের মত যুদ্ধে তাদের সেনাদের হতাহত হওয়ার কথা স্বীকার করে। দেশটি যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগের কাছে সামরিক হাসপাতাল বসিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা সেখানকার রাশিয়ান সেনা ইউনিট থেকে কাছের বেলারুশের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেস যেতে আসতেও দেখেছেন।
রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেঙ্কোভ বলেন, ‘সেখানে সেনারা নিহত এবং আহত হয়েছে’। যদিও কি পরিমাণ সেনা হতাহত হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাননি। তবে দাবি করেছেন, তাদের তুলনায় ইউক্রেইনের সেনা হতাহতের সংখ্যা ‘অনেক গুণ বেশি’।
ওদিকে, ইউক্রেইন দাবি করেছে, যুদ্ধে তারা রাশিয়ার ৫,৩০০ বেশি সেনা হত্যা করেছে। কার দাবি কতটা সত্য সেটা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
ওদিকে যুক্তরাষ্ট্র সরকারও যুদ্ধে হতাহতের সংখ্যা নিয়ে জনসম্মুখে কোনো আলোচনা করতে রাজি না। তবে আমেরিকার এক কর্মকর্তা বলেন, সোমবার পর্যন্ত ইউক্রেইনে প্রায় দুই হাজার রুশ সেনা নিহত হয়েছেন। ইউরোপের দুই কর্মকর্তাও তাতে একমত হয়েছেন।
সোমবার এক রুদ্ধদ্বার সংবাদ ব্রিফিংয়ে ঊর্ধ্বতন পেন্টাগন কর্মকর্তারা আইনপ্রণেতাদেরকে বলেছেন, রাশিয়া এবং ইউক্রেইনের সেনাদের মৃত্যু একইরকম বলে তাদের মনে হয়েছে। কংগ্রেসের কর্মকর্তারা বলছেন, যুদ্ধের প্রথম পাঁচ দিনে দুপক্ষেই সেনা নিহতের সংখ্যা প্রায় ১,৫০০। তবে এটি কেবলই অনুমান বলেও উল্লেখ করেছেন তারা।
যুক্তরাষ্ট্র মূলত স্যাটেলাইটের ছবি, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যুদ্ধক্ষেত্র থেকে প্রকাশ করা গণমাধ্যমের প্রতিবেদন ধরে হতাহতের আনুমানিক একটি সংখ্যা বের করছে। তারা সেনা নিহতের যে আনুমানিক হিসাব দিয়েছে তার সঙ্গে তুলনা করলে দেখা যায়, আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধেও এত সেনা মারা পড়েনি। ২০ বছরের যুদ্ধে সেখানে মারা গেছে প্রায় ২,৫০০ মার্কিন সেনা।
ইউক্রেইনে যে পরিমাণ রুশ সেনা হতাহত হচ্ছে তা দেশে প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের সিদ্ধান্তে জনগণের সমর্থন কমিয়ে দিতে পারে। নেটোর এক কর্মকর্তা বলেন, ‘‘আমরা যেসব খবর হাতে পেয়েছি তাতে মনে হচ্ছে ইউক্রেইনে চার হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে।
এটা পরিষ্কার যে, সেখানে নাটকীয় কিছু ঘটছে। যদি এই পরিমাণ রুশ সেনা ইউক্রেইনে নিহত হতে থাকে, তবে নিজের সেনাবাহিনীর কাছে পুতিনকে এর ব্যাখ্যা দিতে গিয়ে বেশ বেগ পেতে হবে।”
“সেখান থেকে অনেক রুশ সেনার ব্যাগবন্দি মৃতদেহ দেশে ফিরবে এবং এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে রাশিয়ার অনেক পরিবারকে শোকে পড়তে হবে”- বলেন, হাউজ ইনটেলিজেন্স কিমিটির প্রধান অ্যাডাম শিফ।
ওদিকে, রুশ সেনাবাহিনী তাদের নিহত সদস্যদের মৃতদেহ পেছনে ফেলে যাচ্ছে বলে দাবি করেছেন পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা ও সেনা উপদেষ্টা ইভেলিন ফার্কাস। তিনি বলেন, ‘‘তারা তাদের নিহত সেনাদের মৃতদেহ যুদ্ধক্ষেত্রে ফেলে যাচ্ছে। এটা খুবই হতবাক করা বিষয়।”
যু্দ্ধে কতজন রুশ সেনা নিহত হচ্ছেন বা ধরা পড়ছেন তার হিসাব ইউক্রেইন সরকার রোববার থেকে দিতে শুরু করেছে। তারা একটি ওয়েব সাইট খুলেছে এবং সেখানে তথ্য দিচ্ছে। তাদের ব্যাখ্যা, এর মাধ্যমে রুশ পরিবারগুলো তাদের স্বজনরা কোথায় এবং কি অবস্থায় আছে সে সম্পর্কে প্রকৃত তথ্য পাবে।
ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ওয়েবসাইটটি পরিচালনা করছে।
ওয়েব সাইটে ধরা পড়া রুশ সেনাদের ছবি ও ভিডিও দেওয়া হচ্ছে। তাদের কেউ কেউ আহত অবস্থায় আছেন। সারা দিনই সাইটে ছবি ও ভিডিও পরিবর্তন হচ্ছে এবং নতুন নতুন চেহারা যোগ হচ্ছে।
সাইটে বলা হচ্ছে, ‘‘যদি আপনাদের কোনও স্বজন বা বন্ধু ইউক্রেইনে আমাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধে থাকে তবে তাদের ভাগ্যে কি ঘটছে তার তথ্য এখানে আপনি পেয়ে যাবেন।”
ওই সাইটের নাম রাখা হয়েছে www.200rf.com। এটা ‘কার্গো ২০০’ এর ভয়াবহ উদাহরণ। সোভিয়েত আমলে ‘কার্গো ২০০’ সেনা কোড হিসেবে ব্যবহার হত। যা দিয়ে বোঝানো হত কতজন সেনার মৃতদেহ যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার জন্য কফিনবন্দি করা হয়েছে। ওয়েবসাইটটি রাশিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে প্রচারের কাজে লাগানো হচ্ছে।
গত বছর নভেম্বর থেকে রাশিয়ার সেনারা ইউক্রেইন সীমান্তে জড়ো হচ্ছিলেন। যা নিয়ে পশ্চিমা বিশ্ব বারবার উদ্বেগ প্রকাশ করে বলেছিল, রাশিয়া হয়ত ইউক্রেইনে আগ্রাসনের পরিকল্পনা করেছে। কিন্তু পুতিন বারবার ইউক্রেইনে আগ্রাসনের পরিকল্পনা তার নেই বলে দাবি করেছে। কিন্তু তার সেই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে এবং পশ্চিমা শঙ্কাকে সত্য প্রমাণিত করে তিনি ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছেন।
গত সোমবার জাতিসংঘে ইউক্রেইনের দূত সার্গেই কিসলিৎসিয়া এক রুশ সেনার তার মাকে পাঠানো শেষ টেক্সট পড়ে শোনান। তাতে লেখা ছিল, ‘‘আমাদের বলা হয়েছিল তারা আমাদের স্বাগত জানাবে। কিন্তু তারা আমাদের সাঁজোয়া যানের নিচে শুয়ে পড়ছে, তারা নিজেদের আমাদের গাড়ির চাকার নিচে ছুড়ে দিচ্ছে যাতে আমরা সামনে অগ্রসর হতে না পারি। তারা আমাদের ফ্যাসিবাদী বলছে। মা, এটা খুব কঠিন।”
সার্গেই কিসলিৎসিয়া জানান, ওই রুশ সেনা মারা গেছেন এবং ইউক্রেইনীয় বাহিনী তার মোবাইলে এই টেক্সটটি পেয়েছে।
পেন্টাগনের দাবি, রুশ সেনাদের কয়েকটি ইউনিট ইউক্রেইনে নিজেদের অস্ত্র নামিয়ে রাখছে। এমনকী যুদ্ধ এড়াতে সেনারা তাদের গাড়ির গ্যাস ট্যাংক ইচ্ছা করে ফুটা করে দিচ্ছে।
ইউক্রেইন সরকারও রুশ সেনাদের হাতিয়ার ফেলে দিয়ে আত্মসমর্পণ করলে ক্ষমা এবং নগদ অর্থ পুরস্কারের প্রস্তাব দিয়েছে।
গত সোমবার ইউক্রেইনের প্রতিরাক্ষামন্ত্রী বলেন, ‘‘রাশিয়ার সেনারা! আপনাদের আমাদের ভূমিতে হত্যা করতে এবং মরতে ডেকে আনা হয়েছে।”
“অপরাধীদের নির্দেশ মানবেন না। যদি আপনারা আপনাদের অস্ত্র নামিয়ে রাখেন তবে আমরা আপনাদের নিঃর্শত ক্ষমা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি, সঙ্গে ৫০ লাখ রুবেল অর্থ পুরস্কার।”
“আর যারা দখলদারদের মত আচরণ করে যাবেন, তাদের কোনওরকম ক্ষমা করা হবে না।”
