ইউক্রেইনকে বেতনের অর্থ দান করবেন তাইওয়ানের প্রেসিডেন্ট
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেইনে মানবিক ত্রাণকাজে সাহায্যের হাত বাড়াতে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জানিয়েছেন, তিনিসহ ভাইস-প্রেসিডেন্ট উইলিয়াম লাই এবং প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং এক মাসের বেতন অনুদান দেবেন।
ইউক্রেইনে অনুদান দেওয়ার জন্য তাইওয়ানের রিলিফ ডিজাসস্টার অ্যাসোসিয়েশনের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জানাবে পররাষ্ট্রমন্ত্রণালয়। প্রেসিডেন্ট সাই জানিয়েছেন, এই অ্যাকাউন্টেই তারা তিনজন প্রত্যেকে তাদের একমাসের বেতন অনুদান দেবেন।
তাইওয়ানের প্রেসিডেন্ট হিসাবে সাই একমাসে প্রায় ৪ লাখ তাইওয়ানি ডলার বেতন পান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
ইউক্রেইনের শরণার্থীদেরকে অনুদানের তহবিল বিতরণে সহায়তা করার জন্য পোল্যান্ড সরকারসহ ওয়ারশ’তে তাইওয়ানের ডিফ্যাক্টো দূতাবাস এবং এনজিওগুলোকেও আলাদাভাবে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রণালয়।
ইউক্রেইনে রুশ আগ্রাসনের ঘটনায় দেশটির জনগণের প্রতি ব্যাপক সহমর্মিতা দেখা গেছে তাইওয়ানে। কারণ, ইউক্রেইনের মতো দ্বীপদেশ তাইওয়ানও প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে চীনের কাছ থেকে।
চীন স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং দরকার হলে শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করে নেওয়ার হুমকিও দিয়ে দ্বীপদেশটির কাছে সামরিক তৎপরতাও বাড়িয়েছে।
তাইওয়ান সরকার এর আগে এই সপ্তাহে সহায়তা হিসেবে ২৭ টন চিকিৎসা সরবরাহ ইউক্রেইনে পাঠিয়েছে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বুধবার ক্ষমতাসীন দলের এক বৈঠকে বলেছেন, ইউক্রেইনের মানুষের দৃঢ়তা গোটা বিশ্বসহ তাইওয়ানে মানুষকে আবেগাপ্লুত করেছে।
ইউক্রেইনে আগ্রাসনকে ‘বিশেষ অভিযান’ বলছে রাশিয়া। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই বলেন, ইউক্রেইনের জন্য বিশ্ব গণতন্ত্রের শক্তির সমর্থন বাড়ছে। তাইওয়ানও পুরোপুরি ইউক্রেইনে সমর্থন করে।
