মারিওপোলে তুমুল গোলাবর্ষণ, খারসন ‘ঘিরে ফেলেছে’ রুশ বাহিনী
ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে রাশিয়ার ধারাবাহিক গোলাবর্ষণ চলছে, যে কারণে সেখান থেকে আহতদেরও সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
“আমরা লড়ছি, মাতৃভূমির সুরক্ষায় বিরতি দেবো না,” মারিওপোলের মেয়র ভাদিম বইচেঙ্কো ইউক্রেইনের টেলিভিশনকে এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ বাহিনী বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খারসনও চারদিক থেকে ঘিরে ফেলেছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ঘিরে ফেলা নয়, খারসনের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণই এখন তাদের হাতে।
তিন লাখের মতো জনসংখ্যা অধ্যুষিত দক্ষিণের এ শহরটির নিয়ন্ত্রণ পেলে তা রাশিয়ার জন্য বড় ধরনের জয় হিসেবেই বিবেচিত হবে।
ইউক্রেইনে রুশদের হামলা দ্বিতীয় সপ্তাহে গড়ালেও এখন পর্যন্ত তারা জনবহুল কোনো শহর পুরোপুরি দখলে নিতে পারেনি।
খারসনের নিয়ন্ত্রণ পেলে খুব সহজেই তারা ইউক্রেইনের আরও ভেতরের দিকে অগ্রসর হতে পারবে; উপকূল ধরে এগিয়ে বন্দর নগরী ওডেসার দিকে দ্রতগতিতে এগোতে পারবে।
কৃষ্ণসাগরের তীরে থাকা খারসনেও বন্দর আছে, এটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রও।
শহরটির নিয়ন্ত্রণ পাওয়ার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পানির উৎসেরও নিয়ন্ত্রণ পাওয়া।
রাশিয়া ক্রিমিয়া উপকূল দখলে নেওয়ার পর ইউক্রেইন উত্তর ক্রিমিয়ান খালটি বন্ধ করে দিয়েছিল, যার ফলে ক্রিমিয়ায় পানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং পরবর্তীতে ঘাটতিও দেখা দেয়।
রাশিয়ার ইউক্রেইন অভিযানের অন্যতম উদ্দেশ্য ছিল খালটি খুলে দিয়ে পানি সরবরাহ স্বাভাবিক করা।
রাশিয়ার সামরিক যান বুধবার স্থানীয় সময় দিবাগত রাতেই খারসন শহরে প্রবেশ করে বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছিল।
সকালে শহরটির মেয়র ইগর কোলিয়াখায়েভ বলেছিলেন, খারসন রক্ষায় দরকার এখন অলৌকিক কিছুর।
