খারকিভে রুশ গোলায় নিহত অন্তত ২১
ইউক্রেইনের দ্বিতীয় জনবহুল শহর খারকিভে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত ও ১২২ জন আহত হয়েছে বলে শহরটির মেয়র জানিয়েছেন।
খারকিভ অঞ্চল রাজ্য প্রশাসনের গভর্নর ওলে সিনেগুবভ দাবি করেছেন, মঙ্গলবার সারাদিন ও রাতে রাশিয়ার ব্যাপক বোমবর্ষণ সত্ত্বেও সব হামলা ‘প্রতিহত করা হয়েছে’ এবং ইউক্রেইনীয় সেনারা তাদের অবস্থানও ধরে রেখেছে।
“শত্রু রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,” বলেছেন তিনি।
ব্যাপক গোলাবর্ষণের ছত্রছায়ায় রাশিয়ার সেনারা খারকিভের উত্তরপূর্ব ও দক্ষিণ অংশ দিয়ে শহরটিতে প্রবেশ করেছে বলে বিবিসি জানিয়েছে।
বার্তা সংস্থা ইউএনআইএএনের প্রতিবেদনে বলা হয়েছে, খারকিভে আঞ্চলিক পুলিশ দপ্তরের ভবনে রকেট আঘাত হেনেছে।
বিবিসি জানিয়েছে, ইউক্রেইন সরকারের একজন উপদেষ্টা টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে আগুন একটি ভবনকে গ্রাস করে নিচ্ছে, এমনটি দেখা গেছে।
ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তোন হেরাশচেঙ্কো জানিয়েছেন, ওই রকেট হামলার পর রাস্তার অপরপাশে কারাজিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ভবনেও আগুন ধরে যায়।
বিবিসি স্বতন্ত্রভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
