রাশিয়া-ইউক্রেইন দ্বিতীয়দফা বৈঠক ২ মার্চ: তাস
ইউক্রেইন সংকট সমাধানের পথ খুঁজে বের করতে রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিরা আগামী ২ মার্চ দ্বিতীয়দফা বৈঠকে বসবেন।
ইউক্রেইনের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস মঙ্গলবার এ খবর দিয়েছে।
ইউক্রেইনের সংবাদ সংস্থা ‘গ্লাভকম’ দেশটির প্রতিনিধি দলের নাম প্রকাশে অনিচ্ছুক সদস্যদের বরাত দিয়ে প্রথমদফা বৈঠকে উভয়পক্ষ কী কী দাবি করেছে সেটা সম্পর্কে জানিয়েছে বলেও দাবি তাস’র।
বলা হয়, রাশিয়া ইউক্রেইনের কাছে এখনই দেশটির সরকার কোনো ব্লকে যোগ দেবে না সে সংক্রান্ত সংসদীয় পর্যায়ের প্রতিশ্রুতি চেয়েছে এবং বলেছে, এ বিষয়ে ইউক্রেইনকে একটি গণভোটের আয়োজন করতে হবে। এছাড়া রাশিয়া ইউক্রেইনের কাছে দোনেৎস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসনিক সীমানার স্বীকৃতি দাবি করেছে। একইসঙ্গে ইউক্রেইনকে তাদের ক্রিমেয়া ফেরত পাওয়ার দাবিও ছাড়তে হবে।
অন্যদিকে ইউক্রেইন এখনই যুদ্ধবিরতি ঘোষণা করে তাদের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
ইউক্রেইন-রাশিয়া প্রথমদফা বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়। বেলারুশ সীমান্তে পাঁচ ঘণ্টা ধরে চলা ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা পরামর্শের জন্য যার যার রাজধানীতে ফিরে যান।
রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। তিনি সোমবার সাংবাদিকদের বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত চুক্তিতে উপনীত হওয়া না যায় ততক্ষণ পর্যন্ত ইউক্রেইনের প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক চালিয়ে যেতে প্রস্তুত আছেন।
তিনি আরো বলেছিলেন, প্রতিনিধিরা বেলারুশেই দ্বিতীয়দফা বৈঠক আয়োজনে প্রাথমিকভাবে একমত হয়েছিলেন।
