২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার হুমকির পরই কিয়েভের টিভি টাওয়ারে হামলা, নিহত ৫

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ইউক্রেইনের রাজধানী কিয়েভের সুনির্দিষ্ট কয়েকটি নিশানায় হামলা চালানোর হুমকি দিয়ে অধিবাসীদের সতর্ক করার পরই নগরীর কেন্দ্রস্থলে একটি টিভি টাওয়ারে রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 11:23 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

ইউক্রেইন সরকারের জরুরি সেবা বিভাগ টিভিতে এক বিবৃতিতে হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার খবর জানায়।

কিয়েভের মেয়র জানিয়েছেন, দুটো রকেট টাওয়ারটিতে আঘাত হানে। এতে টাওয়ারটির কাছ দিয়ে হেঁটে যাওয়া ৫ জন নিহত হন। হামলার আশঙ্কা থাকার কারণে মানুষজনকে রাস্তা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

অনলাইনে ইউক্রেইনের জরুরি সেবা বিভাগের শেয়ার করা ভিডিওতে প্রাথমিকভাবে দেখা গেছে, টাওয়ারটির পাদদেশে ধ্বংসস্তুপের মধ্যে জ্বলতে থাকা আগুন নেভাতে বিদ্যুতের লাইন নামিয়ে ফেলছে কাছ দিয়ে হেঁটে যাওয়া মানুষজন।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, এই হামলার কারণে কিছু যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি টিভি চ্যানেলের সম্প্রচার ব্যাহত হয়েছে। সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, টিভি টাওয়ারস্থলে বিস্ফোরণ হয়েছে। ফুটেজটি যাচাই করে দেখা হচ্ছে।

এই হামলা হওয়ার আগে মঙ্গলবার বিকালে প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, “রুশ বাহিনী কিয়েভে ইউক্রেইনের সিকিউরিটি সার্ভিসের (এসবিইউ) প্রযুক্তি কেন্দ্রগুলো এবং প্রধান সাই-অপস সেন্টারকে (সেন্টার ফর ইনফরমেশন এন্ড সাইকোলোজিক্যাল অপারেশনস) নিশানা করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।”

কাছাকাছি এলাকাগুলো থেকে অধিবাসীদেরকে সরে যেতে বলা হয়েছিল বিবৃতিতে। রুশ কর্মকর্তারা বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে প্রচারণা বন্ধ করতেই তাদের এই হামলা চালানো।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলছে, কিয়েভের টিভি টাওয়ারস্থলে এই হামলার পর রাশিয়া নগরীটির যোগাযোগ অবকাঠামো গুঁড়িয়ে দিতে চাইছে বলে আশঙ্কা করা হচ্ছে।

‘বর্বরোচিত হামলা’:

ভয়ানক হলোকাস্টের সময় বাবিন ইয়ারে মারা যাওয়াদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের কাছে টিভি টাওয়ারে রাশিয়ার হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা করেছে ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয়।

ইউক্রেইনের রাজধানী কিয়েভে ‘বাবিন ইয়ার’ নামের ওই জায়গায় মাত্র দুই দিনে ৩৩ হাজারের বেশি ইহুদিকে হত্যা করেছিল নাৎসি বাহিনী।নিহতদের মধ্যে শিশুও ছিল

নিহতদের স্মরণে ওই এলাকায় বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ আছে। তার মধ্যে কেবলমাত্র শিশুদের জন্যই আছে একটি। ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয় টুইটারে বলেছে, “রাশিয়ার সেনারা মেমোরিয়াল কমপ্লেক্স #বাবিন ইয়ারের কাছে টিভি টাওয়ারে হামলা চালিয়েছে।”

“রাশিয়ান অপরাধীরা কোনওকিছুতেই তাদের বর্বরতায় ক্ষ্যান্ত দেয়না। বর্বর রাশিয়া।”

হলোকাস্ট এলাকায় ‘ইতিহাসের পুনরাবৃত্তি’:

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাবিন ইয়ারে হলোকাস্ট মেমোরিাল কেন্দ্রে টিভি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলায় হতাশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক টুইটে তিনি বলেছেন, “বিশ্ব যদি সেই একই জায়গা বাবিন ইয়ারে বোমা পড়ার সময় নীরব হয়ে থাকে, তাহলে ৮০ বছর ধরে ‘আর কখনও না’ বলে আসার কী মানে হয়?“ (হামলায়) অন্তত ৫ জন নিহত হয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে।”

হামলায় টিভি টাওয়ারের কাছের মেমোরিয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও ফুটেজে বড় ধরনের বিস্ফোরণ এবং টাওয়ার থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

কিয়েভের একটি গোপন বাঙ্কার থেকে পশ্চিমা গণমাধ্যমে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেইন খুবই জোর লড়াই চালিয়ে যাবে। কিন্তু ইউক্রেইন একা রাশিয়ার বিরুদ্ধে এই লড়াইয়ে পেরে উঠছে না।

সিএনএন এবং রয়টার্স বার্তা সংস্থাকে জেলেনস্কি বলেছেন,লড়াই প্রথমে বন্ধ হলেই কেবল যুদ্ধবিরতি আলোচনা আন্তরিক হতে পারে।