শান্তি আলোচনার মধ্যেও খারকিভে রুশ রকেট হামলা, বহু হতাহত
বেলারুশে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলার মধ্যেও ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের কর্মকর্তারা।
বিবিসি জানায়, সোমবার ইউক্রেইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেইসবুকে বলেছে, খারকিভে ভারি গোলাবর্ষণ (রকেট) হয়েছে। এত কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে।”
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পঞ্চম দিনে এই রকেট হামলা হল, যে দিনটিতে রাশিয়া এবং ইউক্রেইন উভয়পক্ষই যুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রতিনিধিদল বেলারুশে পাঠিয়ে শান্তি আলোচনা শুরু করেছে।
রাশিয়া কয়েকদিক থেকে ইউক্রেইনে হামলা করলেও ইউক্রেইনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে তাদের অগ্রযাত্রার গতি ধীর হয়ে পড়েছে। সোমবার খারকিভে রুশ বাহিনী আবাসিক এলাকাগুলোতে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেইনের সেনাবাহিনী।
স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও জনবহুল শহুরে এলাকায় রকেট পড়তে দেখা গেছে। অ্যাপার্টমেন্ট ব্লক থেকে উড়তে দেখা গেছে ধোঁয়া। অথচ রাশিয়া এর আগে আবাসিক এলাকাগুলোকে হামলার নিশানা করার কথা অস্বীকার করেছিল।
খারকিভ এবং শেরনিভেও রাতে রাশিয়ার গোলা পড়েছে। তবে এলাকাগুলো ইউক্রেইনের দখলেই রয়েছে। খারকিভের একটি শপিং সেন্টারের কাছে দিনেও রাশিয়ার গোলা পড়েছে এবং রাস্তায় রাস্তায়ও চলছে লড়াই।
দক্ষিণে রাশিয়ার বাহিনী মারিউপোল বন্দরের দখল নিতে চাইছে। রাশিয়ার দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপের কাছে এর অবস্থান।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জনবহুল এলাকায় রাশিয়ার যথেচ্ছভাবে ভারি অস্ত্র ব্যবহার নিয়ে অভিযোগ করে বলেছে, এটি যুদ্ধাপরাধের সামিল।
সোমবার লিথুনিয়ার সরকার বলেছে, তারা ইউক্রেইনে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্ত করে দেখার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলিদের কাছে আবেদন জানাবে।
