কিয়েভে রুশ সেনা নেই, খারকিভ পরিস্থিতিও নিয়ন্ত্রণে: দাবি ইউক্রেইনের
ইউক্রেইনের রাজধানী কিয়েভের মেয়র বলেছেন, শহরে কোনও রুশ সেনা নেই। ওদিকে, খারকিভের আঞ্চলিক গভর্নর বলেছেন, ইউক্রেইনের বাহিনী নগরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ‘‘সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর নগরীতে শত্রুদের খুঁজে বের করে তাদের বিনাশ করে চলেছে।”
বিবিসি জানায়, রুশ বাহিনী কিয়েভ দখল করতে চারিদিক দিয়ে হামলা করেছে। কিয়েভের বাসিন্দারা বর্তমানে বাংকারে অবস্থান করছেন এবং নগর কর্তৃপক্ষ সোমবার পর্যন্ত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ জারি করেছেন। নগরীতে এখন কারফিউ চলছে।
করাফিউ চলাকালে কাউকে বাইরে দেখা গেছে তাকে ‘শত্রুবাহিনীর গুপ্তঘাতক বা গোয়েন্দা বিবেচনা করা হবে’ বলেও সতর্ক করা হয়েছে।
বিবিসি’র প্রডিউসার ক্যাথি লং জানান, কিয়েভে রোববার ভোর এসেছে প্রচণ্ড ঠান্ডা আর থমথমে নিরবতা নিয়ে। সড়কে পুলিশ, সেনাসদস্য আর সশস্ত্র স্বেচ্ছাসেবীদের ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না।
রাশিয়ার হামলায় কিয়েভে এখন পর্যন্ত একটি শিশুসহ নয় জন বেসামরিক মানুষ ‘মারা গেছেন’ বলে জানান মেয়র ক্লিচকো।
শুক্রবার থেকেই রুশবাহিনী কিয়েভ উপকণ্ঠে অবস্থান করে সেখান থেকে হামলা চালাচ্ছে। পুরো কিয়েভ জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। তবে কিয়েভের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেইনের সেনাবাহিনীর হাতেই আছে।
ওদিকে রাশিয়া সীমান্তবর্তী ইউক্রেইনের শহর খারকিভের দখল পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি সেখানকার আঞ্চলিক গভর্নরের। টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘‘খারকিভের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের।”
‘‘সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। এবং নগরী সম্পূর্ণ শত্রুমুক্ত করা হচ্ছে।”
ইউক্রেইনের দ্বিতীয় বৃহৎ এই নগরীটি রাতারাতি দখল করে ফেলেছিল রুশ বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ছবি ও ভিডিওতে সেখানে সড়কে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেইনের সেনাবাহিনীর তুমুল লড়াই চলতে দেখা যায়।
সেখানকার পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় এবং আঞ্চলিক গভর্নর নগরীর নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার যে দাবি করছেন তা যাচাই করা সম্ভব নয় বলে জানায় বিবিসি।
তবে সেখানে থাকা বেসামরিক নাগরিকরাও বিবিসি’কে জানিয়েছেন, ইউক্রেইনের সেনাবাহিনী নগরীর নিয়ন্ত্রণ নিয়েছে। সড়কে যুদ্ধও কমে এসেছে।
