ইউক্রেইনের সমর্থনে যুক্তরাজ্য-জার্মানিতে যুদ্ধবিরোধী বিক্ষোভ
রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেইনকে সমর্থন দিয়ে যুক্তরাজ্যজুড়ে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। জার্মানির বার্লিনেও লাখের বেশি মানুষ বিক্ষোভ করেছে। লন্ডনের ডাউনিং স্ট্রিটে, রুশ দূতাবাসের বাইরে, ম্যানচেস্টার এবং এডিনবরাসহ বিভিন্ন স্থানে সমাবেশে যোগ দিয়েছে হাজারো মানুষ।
বিবিসি জানায়, দূতাবাসে মানুষ ডিম ছুড়ে মেরেছে, ভবনের বাইরের দেয়ালগুলোতে চক দিয়ে লেখা হয়েছে বার্তা। লন্ডনে রাশিয়ার দূতাবাসের সামনে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশ দেখা গেছে।
মানুষজন ‘রাশিয়া যুদ্ধ বন্ধ কর”, ‘পুতিন যুদ্ধ বন্ধ করুন’, ‘ইউক্রেইনকে মুক্ত করুন’ স্লোগান দিয়েছে। ডাউনিং স্ট্রিটেও শনিবার বিকালে বড় ধরনের জনসমাবেশ হয়েছে।
এছাড়া, ম্যানচেস্টরসহ নিউ ক্যাসেল, ব্রিস্টলে বড় ধরনের বিক্ষোভ-সমাবেশে মানুষ ব্যানার, প্ল্যাকার্ড এবং পতাকা উড়িয়ে ইউক্রেইনের জাতীয় সংগীত গেয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেইন থেকে সরে যাওয়ার দাবি তুলেছে।
স্কটল্যান্ডে মানুষ এডিনবরার স্কটিশ পার্লামেন্ট ভবনের কাছে জড়ো হয়ে ইউক্রেইনের জন্য আরও বেশিকিছু করতে রাজনীতিবিদদেরকে আহ্বান জানিয়েছে। এডিনবরায় রাশিয়ার কনস্যুলেটের বাইরের রাস্তায় ফুল দিয়ে, বার্তা লিখে মানুষ ইউক্রেইনের প্রতি সমর্থন প্রকাশ করেছে।
ছোট ছোট অনেক শহরেও বিক্ষোভ হয়েছে। ৯ বছর ধরে যুক্তরাজ্যে বাস করা কোভালেঙ্কো বলেন, “আমি আজ বিক্ষোভে সামিল হয়েছি পুতিনের বিদায়ে সাহায্য করার জন্য এই দেশকে আহ্বান জানাতে।”
রুশ দূতাবাসের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘পুতিন নিপাত যাক’ স্লোগান দিয়েছে, পুতিনের সঙ্গে হিটলারের তুলনা করে তৈরি করা পোস্টার হাতে ধরে রেখে বিক্ষোভ দেখিয়েছে। কারো চোখে ছিল পানি, কেউ ছিল ক্ষুব্ধ।
অনেকেই ইউক্রেইনের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছে। যুক্তরাজ্যের ডিউক এন্ড ডাচেস অব কেমব্রিজও জনগণকে আহ্বান জানিয়ে বলেছেন, “ইউক্রেইনের জনগণের পাশে দাঁড়ান। তারা বীরের মতো লড়ছে।”
এক টুইটে প্রিস উইলিয়াম এবং ক্যাথরিন বলেছেন, তারা ২০২০ সালে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং আজ তারা তার এবং তার দেশের জনগণের পাশে আছেন, ‘তারা তাদের ভবিষ্যতের জন্য বীরের মতো লড়ছে।’
প্রিন্স হ্যারি এবং মেগানও এক বিবৃতিতে ইউক্রেইনকে সমর্থন দিয়েছেন এবং অন্যান্য বিশ্ব নেতাদেরকেও ইউক্রেইনকে সমর্থন করার তাগাদা দিয়েছেন। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়াকে শাস্তি দিতে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেন এবং ইউক্রেইনকে কীভাবে সাহায্য করা যায় তা নিয়ে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শও করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ সপ্তাহের শুরুতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বজুড়ে নানা দেশে এ ধরনের যুদ্ধবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে।
ছবি: রয়টার্স
জার্মানি এই সপ্তাহের শুরুতে নিশ্চিত করে জানিয়েছিল, তারা ইউক্রেইনে ১ হাজার ট্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং ৫০০ স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র পাঠাবে। এবার ইউক্রেইনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনায়ও বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি৷
রোববার জার্মানির পার্লামেন্ট বুন্ডেসটাগে এই ঘোষণা দেন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ ইউক্রেইনে সংঘাতের প্রেক্ষাপটে ২০২২ সালে প্রতিরক্ষা খাতে ১০০ বিলিয়ন ইউরো ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেন তিনি৷
রাশিয়ার সমালোচনা করে শলৎস বলেছেন, ‘‘ইউক্রেইনে হামলার মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিশ্ব মানচিত্র থেকে শুধু একটি দেশকেই মুছে দিতে চান না, তিনি ইউরোপের নিরাপত্তা কাঠামোকেও ধ্বংস করে দিতে চান যা হেলসিংকি চুক্তিতে আছে।”
১৯৭৫ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সার্বভৌমত্ত্ব, আঞ্চলিক অখণ্ডতা, সামরিক হুমকি থেকে বিরত থাকা সংক্রান্ত একটি ঘোষণাপত্রে সই করেছিল যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশ৷
আর কেবল পশ্চিমারাই নয়, নেটোর নেতৃস্থানীয় দেশগুলোও রাশিয়াকে নিয়ে আগ্রাসী বক্তব্যে সামিল হয়েছে উল্লেখ করে পুতিন বলেন, এ কারণেই তিনি প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফকে তার বাহিনীর পারমাণবিক অস্ত্রের বহরকে বিশেষভাবে সতর্ক থাকার আদেশ দিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্কাবস্থায় রাখার এই পদক্ষেপকে পুরোপুরি ‘অগ্রহনযোগ্য’ বলে বর্নণা করেছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে বলেন, এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেইন যুদ্ধের উত্তেজনা বাড়াচ্ছেন যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
