২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিয়েভে বিস্ফোরণের শব্দ, ‘শত্রু আকাশযান’ ভুপাতিতের দাবি

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, তাদের বাহিনী কিয়েভের উপরে থাকা একটি ‘শত্রু আকাশযান’ ভুপাতিত করার পর সেটি একটি আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে ও আগুন ধরে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 04:18 PM

Updated : 28 Apr 2022, 11:44 PM

তবে ‘আকাশযানটি’ মনুষ্যচালিত ছিল কিনা, নাকি এটি একটি ‘ক্ষেপণাস্ত্র’ তা স্পষ্ট হওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিয়েভ মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বস্তুটি একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আছড়ে পড়ার পর অন্তত ৮ জন আহত হয়েছে।

ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন।

“কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শেষবার আমাদের রাজধানী এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল ১৯৪১ সালে, তখন হামলা করেছিল নাৎসি জার্মানি,” টুইটারে লিখেছেন তিনি।

শুক্রবার দিবাগত রাতে কিয়েভে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে; এগুলোকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার ছোড়া গোলার শব্দ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তন হেরাশচেঙ্কো। উড়ে আসা বস্তু লক্ষ্য করে এসব গোলা ছোড়া হয় বলে জানিয়েছেন তিনি।

ভোরের আগেও কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।

বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে নামে, এরই মধ্যে কিয়েভ থেকে কয়েক ডজন মৃত্যু ও কয়েকশ আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার সকালে ইউক্রেইনের উত্তরপূর্বে সুমি শহরে তুমুল লড়াই চলার খবর পাওয়া যায়; দেশটির দক্ষিণপূর্বের জাপোরিঝঝায়া অঞ্চলের একটি সীমান্ত পোস্টে ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক সীমান্ত রক্ষী হতাহত হয়েছে।

সিএনএন জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকালেও কিয়েভের বাসিন্দাদের বিমান হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রেই গাদাগাদি করে থাকতে হয়েছে। একটি ইউক্রেইনীয় যুদ্ধবিমান ভুপাতিত হয়েছে। রাশিয়ার সেনারা যেন আর অগ্রসর হতে না পারে, সেজন্য ইউক্রেইনের সেনারা একটি সংযোগ সেতুও উড়িয়ে দিয়েছিল।

তবে শেষ রক্ষা হয়নি, বিকাল নাগাদ শহরটিতে রুশ ট্যাংক ঢুকে পড়ে।

কিয়েভ সিটি সেন্টারের উত্তরে ওবোলন আবাসিক এলাকার রাস্তা দিয়ে রুশ ট্যাংকের এগিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও এসেছে সোশাল মিডিয়ায়। 

বিবিসি লিখেছে, ওই ভিডিও যে ওবোলন এলাকার কোনো ভবন থেকে ধারণ করা হয়েছে, তা যাচাই করে নিশ্চিত হয়েছে তারা।

শহরের প্রাণকেন্দ্রে ইউক্রেইনের পার্লামেন্ট থেকে ওই ওবোলন এলাকার দূরত্ব ৯ কিলোমিটারের মতো।