২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরবাড়ি ছেড়ে পোল্যান্ডে পালাচ্ছে ইউক্রেইনীয়রা

রাশিয়ার আগ্রাসন থেকে পালিয়ে বাঁচতে ইউক্রেইনের নাগরিকদের অনেকেইপোল্যান্ডে পাড়ি জমাতে শুরু করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Feb 2022, 12:23 AM

Updated : 28 Apr 2022, 11:44 PM

ইউক্রেইনের পূর্বদিকের পোল্যান্ড সীমান্তে একটি ক্রসিংয়ে বৃহস্পতিবার সকাল থেকেই মানুষ সন্তান-সন্ততি, তলপি-তলপা নিয়ে জড়ো হতে শুরু করেছে।

রোমানিয়া এবং স্লোভাকিয়াসহ ইউক্রেইনের সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, তাদের সীমান্তে এখনও শরণার্থীদের বড় কোনও ঢেউ দেখা যাচ্ছে না।

তবে স্থানীয় গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে।

পূর্ব ইউক্রেইনের এক বাসিন্দা বৃহস্পতিবার তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে পোল্যান্ড সীমান্তে পাড়ি জমিয়েছেন। পেশায় টেকনিক্যাল ম্যানেজার অ্যালেক্সান্ডার বাজহানভ এক সহকর্মীর কাছ থেকে শুনতে পান, যুদ্ধ শুরু হয়েছে। এরপরই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

"আমার কোনও অনুভূতি নেই। কেবল খুব ভয় পাচ্ছি, এটুকুই। আমি স্পেনে গিয়ে বাবার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমার কাছে কোনও অর্থকড়ি নেই। আমি জানি না কীভাবে সেটা করব" বলেন বাজহানভ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণায় বৃহস্পতিবার স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেইনে আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী।