‘রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাজ্য’
রাশিয়া যদি ইউক্রেইনে পূর্ণ আগ্রাসন শুরু করে তবে যুক্তরাজ্য দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ইউক্রেইনের দু’টি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি এবং শান্তিরক্ষার নামে সেখানে সেনা পাঠানোর নির্দেশ দেওয়ার জেরে রাশিয়ার উপর বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করছে।
যুক্তরাজ্য সরকারও মঙ্গলবার রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিন ধনকুবেরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কিন্তু এ নিষেধাজ্ঞা দেশটির অনেক এমপি’র মনে ধরেনি, কয়েকজন কনজারভেটিভ এমপিও সেই দলে আছেন। তাদের মতে, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ছিল।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরসি জনসন অবশ্য আগেই বলেছেন, “এটি প্রথম ধাপ…এবং আমরা আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি রেখেছি।”এবার প্রধানমন্ত্রীর সুরে কথা বললেন পররাষ্ট্রমন্ত্রীও।
মঙ্গলবার লিজ ট্রাস বলেন, ‘‘কিছু নিষেধাজ্ঞা হাতে রাখাও গুরুত্বপূর্ণ।” বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেইন সংকট নিয়ে যুক্তরাজ্য রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এখন পর্যন্ত দেশটির উপর আরোপ করা সব থেকে কঠোর নিষেধাজ্ঞা।
“আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই ওই নিষেধাজ্ঞা আরোপ করেছি। আর তারা এটা নিয়ে ইউরোপের সঙ্গে আলোচনা করেছে। ভ্লাদিমির পুতিন যেন আমাদের মিত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করে শাসন করার খেলা খেলতে না পারেন আমরা সেটি নিশ্চিত করতে চাই।”
“আমরা দেখাতে চাই যে, আমরা একজোট হয়ে আছি এবং যদি ইউক্রেইনে পূর্ণ আগ্রাসন শুরু হয়ে যায় তবে আমরা ওই নিষেধাজ্ঞা আরও বাড়াব,”বলেন লিজ ট্রাস।
ওদিকে, যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি কিছুটা বিদ্রুপের সুরে বলেন, ‘‘পুরো হাউজ অব কমন্সের ভাব দেখে মনে হচ্ছে সরকার যথেষ্ট শক্তিশালী নয়।”
মঙ্গলবার যুক্তরাজ্য রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে অর্থ প্রধানদের সঙ্গে আলোচনার জন্য ডাউনিং স্ট্রিটে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া, ইউক্রেইনে কীভাবে আরও সামরিক সহায়তা দেওয়া হবে সেটি নিয়েও প্রধানমন্ত্রী জনসনের একটি রূপরেখা দেওয়ার কথা। রাশিয়ার নাগরিকদের দুর্নীতির মাধ্যমে পাওয়া অর্থ যুক্তরাজ্যে এসে খরচ করা বন্ধে কাজ শুরু হয়েছে বলে জানান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।
তিনি স্বীকার করেন, ‘দীর্ঘদিন ধরে লন্ডন লোকজনের নোংরা অর্থ খরচ করার জায়গা হয়ে আছে’, যা নিয়েন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির দাতাদের মধ্যে রাশিয়ার নাগরিকরাও রয়েছেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ট্রাস বলেন, ‘‘যারা অনেকদিন আগেই যুক্তরাজ্যে চলে এসেছেন এবং যারা সক্রিয়ভাবে পুতিন সরকারকে সহায়তা করছেন তাদের মধ্যে পার্থক্য আছে।”
যদি ইউক্রেইন সংকট আরও খারাপের দিকে মোড় নেয় তবে রাশিয়ার আরও প্রতিষ্ঠানের উপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করবে। এ সংক্রান্ত একটি নামের তালিকা পররাষ্ট্রমন্ত্রী ট্রাস এরই মধ্যে করে ফেলেছেন বলে প্রাপ্ত সূত্রের বরাত দিয়ে জানায় বিবিসি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি এবং রাসায়নিক ক্ষেত্রে রাশিয়ার যেসব কোম্পানি কাজ করে সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। যুক্তরাজ্যের অর্থ বাজার থেকে রাশিয়া এবং দেশটির বড় বড় কোম্পানির তহবিল সংগ্রহ করা আটকাতেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ট্রাস।
রাশিয়ার আগ্রাসনে ইউক্রেইনের অর্থনীতিতে যে প্রভাব পড়তে যাচ্ছে তা কাটিয়ে উঠতে দেশটিকে ৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ট্রাস বুধবার দেওয়া এক বিবৃতিতে ওই প্রতিশ্রুতি রক্ষা করার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
