২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিক হত্যায় মিয়ানমার জান্তাকে অস্ত্র দিচ্ছে চীন-রাশিয়া: জাতিসংঘ বিশেষজ্ঞ

বেসামরিক নাগরিকদের ওপর দমনাভিযানে চীন ও রাশিয়ার সরবরাহ করা নতুন অস্ত্র ব্যবহার করছে মিয়ানমার জান্তা।এসব অস্ত্রের মধ্যে আছে ড্রোন, জঙ্গি বিমান এবং সশস্ত্র যানও।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Feb 2022, 11:36 PM

Updated : 28 Apr 2022, 11:42 PM

মঙ্গলবার মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ থমাস এন্ড্রুজ একথা বলেছেন। মিয়ানমারে অস্ত্রের এই প্রবাহ বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বানও জানিয়েছেন তিনি।

স্বতন্ত্র পদে কাজ করা সাবেক মার্কিন কংগ্রেস সদস্য এন্ড্রুজ মিয়ানমারে অস্ত্র সরবরাহ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। তাতে মিয়ানমারের সেনাবাহিনী গতবছর ক্ষমতা দখলের পর থেকে তাদেরকে অস্ত্র সরবরাহ করে আসা দেশের তালিকায় সার্বিয়ার নামও যোগ করা হয়েছে।

বলা হয়েছে, এসব অস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ব্যবহার করা হবে সেকথা পুরোপুরি জেনেও দেশগুলো মিয়ানমার জান্তাকে অস্ত্র দিচ্ছে। এক বিবৃতিতে এন্ড্রুজ বলেন, “নাগরিকদেরকে হত্যায় ব্যবহার হওয়া এই সব অস্ত্র যে আর মিয়ানমারের কাছে হস্তান্তর হওয়া উচিত না- এ নিয়ে তর্কের কোনও অবকাশ নেই।”

গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। এক বছরের বেশি সময় ধরে জান্তাবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এসব বিক্ষোভ দমনাভিযানে জান্তার হাতে ১৫০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। পল্লী অঞ্চলে সেনাবাহিনী এবং সশস্ত্র বিরোধীদের সংঘাতের মধ্যে পড়ে উদ্বাস্তু হয়েছে ৩ লাখের বেশি মানুষ।

মিয়ানমার জান্তার ভাষ্য, তারা ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে লড়ছে। জাতিসংঘ প্রতিবেদন নিয়ে আপত্তি তুলে জান্তা সরকার একে মিয়ানমারের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ বলে সমালোচনা করেছে।

অস্ত্র সরবরাহ নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের প্রতিবেদন সম্পরর্কে্ মন্তব্যের জন্য মিয়ানমারের সেনাবাহিনী এবং চীন, রাশিয়া ও সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের কাউকেই তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।