পাকিস্তানে ইমরান খানের সৎ ছেলের বিরুদ্ধে মদের মামলা
মদ রাখার দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির আগের ঘরের ছোট ছেলে, তার চাচাতো ভাই ও বন্ধুর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
এজাহারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে লাহোরের গালিব মার্কেট পুলিশ মোহাম্মদ মুসা মানেকা, তার চাচাতো ভাই মোহাম্মদ আহমাদ মানেকা ও বন্ধু আহমাদ শাহারিয়ার যে গাড়িতে ছিলেন তা থেকে মদ উদ্ধারের পর তাদের আটক করে তাদের বিরুদ্ধে মামলা করে।
মুসা মানেকা বুশরা বিবি ও তার সাবেক স্বামী খাওয়ার মানেকার ছেলে। আহমাদ মানেকা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা ও পার্লামেন্ট সদস্য আহমেদ রাজা মানেকার ছেলে।
লাহোরের জহুর এলাহি সড়কের পুলিশ ফাঁড়ি অতিক্রমের সময় গাড়ি থেকে মদ উদ্ধারের পর এই তিনজনকে আটক করা হয়।
হাসপাতালে করা পরীক্ষায় শাহারিয়ার মদ্যপ বলে দেখা গেলেও বাকি দুজন উৎরে যান। এরপর মানেকা পরিবারের এক সদস্যের জিম্মায় ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়।
শাহারিয়ার পরে আদালত থেকে জামিন নেন। উদ্ধার হওয়া মদের নমুনা ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠিয়েছে পুলিশ।
